আমি: একদিন তোর সঙ্গে হেসেছিলাম,
একদিন কেঁদেছি
একদিন তোকে নিয়ে স্বপ্ন দেখেছি
একদিন তোকে স্বপ্ন দেখিয়েছি,
একদিন আমরা উল্লাস করেছি।
একদিন অভিমান
আমরা পরস্পরের প্রয়োজনে পাশে থেকেছি
সম্পূরক হয়ে
অপ্রয়োজনেও যাইনি দূরে কোথাও।
একদিন আমরা সময়কে বুড়ো আঙ্গুল দেখিয়েছি-
ঘুরে ঘুরে দূরে গেছি, আবার ফিরে এসেছি নিজস্ব স্বকীয়তায়।
হাহ! এ জীবনে তোকে ছাড়িয়ে, আমার আর একলা চলা হল না--
তুই আসলে কে?
সে: বাহ! এই না হলে তুই?
আমাকে তুই আয়না বলতে পারিস।
তোর প্রতিবিম্বে আমি আঁকি আমার
নিজস্ব ছায়া
তুই নির্ভরতা চাইলেই
অনায়াসে আমি হয়ে যাই, প্রিয় মুখ
পাশে থাকি, পরম মমতায়।
তুই যখন ভালোবাসায় ভিজিস,
বিরহে পুড়িস, একলা কাঁদিস,
কিম্বা একেবারে ভেঙ্গে পড়িস--
অসীম সাহসে উঠে দাঁড়াস--
আমি তোর পাশেই থাকি।
তুই উপরে ওঠার সি'ড়ি ভাঙ্গলে
আমি পাশে থাকি
তুই ক্রমাগত নীচে নামলেও
সেই আমি
এবার আমাকে চিনতে পেরেছিস?
আমি: চিনবো না আবার?
তুই আসলে স্বেচ্ছাচারী, দখলদার
জোড় করে সব দখল করিস,
তোকে এড়ায় সাধ্য কার?
সে: ব্যাকরণে তুই বরাবরই কাঁচা।
এই যে আমি ছায়ার মতন, এই যে আমি তোরই ছায়া
সে কি আর দখলদার?
বুকের জমিন দখল করে, এই যে আবাদ
এটাই হল বন্ধুত্ব---
এটার নাম অধিকার।
পরিশিষ্ট
জগতের সব বন্ধুরা ভালো থেকো, আমার বন্ধুরা সব ভালো থাক।বন্ধু তোকে বলি--" তুই হেসে উঠলে, সূর্য লজ্জা পায়
আলোর মুকুট খানা তোকেই পরাতে চায়
তুই হেসে উঠলেই, যাকির হোসেন
তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন।"
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




