একদিন পেয়ে যাবো ঠিকানা তোমার/ শেখ জলিল
সব ছেড়েছুঁড়ে হয়ে যাবো নিঃসঙ্গ পথিক
তেঁতুলিয়ার চা-বাগান মাড়িয়ে শেষে
ফেলবো পা টেকনাফের বালুকাবেলায়।
জাফলং-এর খাসিয়া পল্লীর ছায়া মেখে চোখে
দেখবো কুয়াকাটার সূর্যাস্ত ও সূর্যোদয় একদিন।
আর ফিরবো না ঘরে কোনো
সমস্ত বাংলাদেশ হবে দিনান্তের বসতি আমার
একদিন হয়ে যাবো সাক্ষাৎ বাউল!
অস্তিত্বে আমার সে বিরানপুর গ্রাম
ধূপছায়া বিকেলে দাঁড়াবে এসে পাশে
এইভাবে হাঁটতে হাঁটতে পথ শেষে
গজারীর বন ঘেঁষে বংশাই নদীর তীরে
রূপসী বাংলার নারীরা হাসবে খিলখিল-
একদিন ভাগ্যলক্ষ্মী উলুধ্বনি দেবে সান্ধ্য-প্রার্থনায়
গেরুয়া পোশাকে ঠিকই হাঁটবো বাউল-বাউলিনী
একদিন পেয়ে যাবো ঠিকানা তোমার!
১৯.০৫.২০০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



