ধমনীতে প্রবহমান পূর্বপুরুষের শোণিত -
পূর্বপুরুষ মানে পিতা, পিতামহ, প্রপিতামহ,
তারো পিতা, তারো পিতা, তারো পিতা ... বাবা আদম তক
জিন মানচিত্রে মননের মূলসূত্র -
ইডেন গার্ডেনে আদি পিতা-মাতার অদম্য কৌতুহল
হেরে যায় ঈশ্বরের নিষেধের তর্জনী।
অত:পর স্বর্গচ্যুত অভিশপ্ত মানব আমি পৃথিবীর পথিক
জিন কোডে কেরামুন, কাতেবিন ব্যস্ত নিয়ত
ধারাবাহিক লিখে চলে পাপ-পূণ্যের খেরোখাতা।
ধমনীতে প্রবহমান পূর্বপুরুষের শোণিত সাক্ষী-
তুচ্ছ কবি আমি পৃথিবীর পথে
মননের মূলসূত্রে অদম্য কৌতুহল
চর্তুমাত্রিক বিশ্বেই জেনে যাব আমি
নদী, নারী আর সময়ের গুঢ়তত্ত্ব;
অত:পর একদিন সসীম চেতনায় ফ্রেমবন্দী অসীম ঈশ্বর তুমি!
জিন কোডে থেমে যাবে কেরামুন, কাতেবিন।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




