ফ্ল্যাশব্যাক...জাবি কাহিনি ১
দেখতেছিলাম পুরানা ছবিগুলা। একটা ছবিতে কলাভবনের (পুরান) সামনে পুকুরের পাড়ে কোন এক শীতের সকালে হুদাই সমাবেশ। শশাঙ্কর পাশে শামীম একটু পিছনে শাপলু..তার বামদিকে ফিরোজ..আরো বামে কালুভাই এর দোকানের দিকে জাফর,বিশ্বজিৎ,সীমাদি,তিতিল...অতীত লবণের মতো সুস্বাদু। সময়টা ফুরুৎ কইরা গেলোগা। এর আগের আর পরের সময়টাও সময়। তবু ঐ কাটপিছটাই দেখি টাইনা টাইনা...
চৌরঙ্গীর কিছু ছবিও দেখলাম। চৌরঙ্গী বলতে কলাভবন থিকা প্রান্তিক যাইতে ট্রান্সপোর্টের বামপাশের চৌরাস্তা। ফার্স্ট ইয়ারে থাকতে শুনছিলাম ঐখানে নাকি একসময় বেশ জমতো। আমাদের সময় সেইটা একটু সইরা আসলো ট্রান্সপোর্টের দিকে। সেইখানে খালার দোকান ঘিরা মোটামুটি রাত দশটা পর্যন্ত একটা সমাবেশ হইতো। দুপুরে আড়াইটার বাস চইলা গেলে আস্তে আস্তে শুরু হইতো জমায়েৎ। দুইদিকে দুইটা পুকুর,একদিকে ফজিলাতুন্নেসা হল, তার উল্টা দিকে হোলেও হোতে পারতো জাসের কংকাল পার হইয়া প্রীতিলতা হলের পিছনের লেক। রোদ পড়তে শুরু করলে সেরম একটা জম্পেশ আবহাওয়া...
কতদিন ঐখানে সকাল থিকা শুরু কইরা রাইত ৯টা ১০টা পর্যন্ত গ্যাজাইছি তার ঠিক নাই। সাংঘাতিক নাটকীয় জায়গা ছিল। সারাক্ষণই কিছু না কিছু ঘটতে থাকতো। মারামারি-মিলমিশ-পূর্বরাগ-ভরা বাজারে ছ্যাক ইত্যাদি অনেক কিছুই লাইভ দেখা যাইতো। একদিন খালার দোকানের সামনে শাপলুদের ক্লাসের হালিম চাচা(দেখলে মনে হইত বয়স অন্তত ৩৫) জনৈকারে কইছিল মানিকগঞ্জের ভাষায়, আমি তুমার নিগা মইরা যাম্গা..খাতার মধ্যে লিখুম স্বপ্না..স্বপ্না..স্বপ্না...তুমারো পরীক্ষা খারাপ হইবো আমারো পরীক্ষা খারাপ হইবো। স্বপ্না জিগাইছিল আমার খারাপ হইবো ক্যা? উত্তর মিলিবার আগেই রঙ্গ মঞ্চে পিঙ্কু ক্যাডারের প্রবেশ, আরে হালিম এখানে কি করছ? তোর না পরীক্ষা হলে যা...ছল ছল চোখে হালিমের ফিরা যাওয়া ..অন্যদিকে স্বপ্নারে নিয়া পিঙ্কুর রিক্সারোহনের মতো এটিনবাংলার প্যাকেট নাটক থিকা শুরু কইরা ১৯৯৯ এর বেতনফি আন্দোলনের সুপার অ্যাকশন পর্যন্ত অসংখ্য নাটক দেখা হইছে ওইখানে। আর ছিল কর্মচারী ক্যান্টিন। আড়াইটার বাস চইলা গেলে সেইখানে আলীর দেখা মিলতো। অনেক জ্ঞানীলোক আসতো। ওইখান থিকা কৈলাস পর্বত কাছে। আমরা কইতাম "আলীকান্তে..."
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


