ইচ্ছে
আমাদের শ্লোগান থেমে যাবে অচিরেই;
কিছু কথার রেশ হয়ত তখনও থামবে না।
কিছু জলতো গড়াতেই থাকে, বৃষ্টি শুকানো রোদ্দুরেও।
কোমল মানবিক মন কাঁদে হু হু বাতাসে ভেসে
কে রাখে মনে, বেলাশেষ বিকেলের কাছে
কী মলিন চোখে ভাসে মিনতিচিহ্ন এঁকে!
আমাদের দুরন্ত স্বপ্নরা পথহারা পথে
হাঁটে একা। বক্তিতার শেষাঙ্ক সর্বদাই উজ্জ্বল তারায় ভাসে
জোনাকীরাত নেমে এলে, মেনে নিতে হয় আপশীচোখে।
স্বপ্ন
কয়েকটি হাতের কাছে, মুখের কাছে
আমরা কয়েদী কায়দায় বসে থাকি;
কোনো এক মহাপুরুষের আগমনী গান গেয়ে।
স্বপ্নরা ওড়ে হাওয়ার রাতে; দু'ধারে বুনোপথ
আর অন্ধকার রাত্রি, শেওলার মতো ভেসে ওঠে
স্মৃতির পদ্ম, যেখানেই জল রাখি; গড়াতেই থাকে।
কী এমন অজুহাত! ছিঁড়ে ফেলি অভিমান,
ও ঘরে আলো নেই; অন্ধত্বের অভিলাষ
পোড়াতেও দ্বিধা, কৃপণ আগুন।
খুন
বুক পেতে বসে আছি
চালাও গুলি অথবা ধারালো ছুরি;
খুন করে খুনী হও তুমি।
সাঁকো
এভাবেই বেঁচে থাকো, সাঁকো;
যোগাযোগ রেখো। নবান্ন মৌসুমে
ভাসে দূরগাঁয়ের কবিগান পালা।
উড়াল চোখে বসে না মায়া;
সাদা কাশফুলে ভেসে ওঠে বিধবার হাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


