আমাকে ভুলে যেতে কোনো ক্ষতি হবে না; কোথাও
কমতি হবে না, কড়ায় গন্ডায় বুঝে পাবে আনন্দ-উল্লাস;
সকালের কফি-মগে একচুমুক ধোঁয়াও কাঁদবে না।
ঘরের আলনায় কয়েকটা আট-পৌরে কাপড়,
রং চটা ফ্রেমের চশমা, সিঁড়ির পাশে পড়ে থাকা
দু'জোড়া ছেঁড়া জুতা, কবেকার নক্সী আঁকা
পুরানো চাঁদর ছাড়া আর কেউ এমন
উল্টোপাল্টো হবে না সংসারে। সকলেই থেকে যাবে
স্বস্থানে স্বগৌরবে। কেবল মুছে যাবো আমি।
মলিন অন্ধকারের ভিতর বেদনা নামক অসুখে পচে
দু'চোখের হিংস্রতাপে পুঁড়ে, মনন গলনাঙ্ক মাত্রা উপচে
আমি যাবো বিলীনদেশে। একটুও টের পাবে না কেউ;
কেবল মাপফিতের মাপে ফুরাবে না এইসব দূরত্বের মাপযোগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



