দুঃসহ কাল এসে ছেয়ে গেছে চারিপাশ
বড়বেশী ভয়ে থাকি আজকাল; ছায়াতেও লেগে থাকে
ধ্বংসের কালো হাত। তুমি এলেও স্বস্তি হবে না কোথাও;
বৃত্তে ঘিরে আছে পথ-ঘাট, রাস্তার মোড়, মোড়ের দোকান
সবখানে লুটপাত, হুটহাট বিক্রি হচ্ছে বোধপাখি।
তুমি এলেও স্বস্তি হবে না কোথাও, জেনে; খুব বেশী
আলগোছে থাকি, নিজের ভিতর নিজকে রাখি গোপনে
কোথাও পাখিদের গান নেই, কেবল উৎকন্ঠে বেজে ওঠে
হাহাকারের দৃশ্যবলী। হাত রাখলেও হাতের ভাঁজে
শিউরে ওঠে অবিশ্বাসের হাওয়া। এত ভয় যে, আর
প্রাণে প্রাণ থাকে না। দিকে দিকে শ্লোগান, গর্জন।
এতো উদ্বিগ্ন থাকি
তুমি এলেও স্বস্তি হবে না কোথাও; হে প্রিয় স্বাধীনতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



