ফোনযুগ
নাম জানি না, শুধু নম্বর, জানি না সে দেখতে কেমন।
ফোন করতে তবু তাকেই মুখিয়ে থাকে মুগ্ধ এ-মন।
একা একা আলপথ চাঁদ ধরে হাঁটে।
আমাদের পরিচয় চাঁদ-ওঠা মাঠে।
কথা, শুধু কথা বলে কী-ইবা নিরাময়।
মাঝরাতে আমাদের ফোনে দেখা হয়।
জন্মদিন, হাসাহাসি _ দুঃখ ,অপচয়।
চারদিকে রব ওঠে ক্ষয়, অবক্ষয়।
ক্ষয় আছে, তবু ক্ষয়, ক্ষয় জেগে থাকে।
এই ক্ষয় আমাদের গতি বেঁধে রাখে?
ফোনকথা একবিংশে বড় মধুময়।
স্যুইচ অফ করে শোনো, করি অনুনয়।
...
চোরা স্রোতে ভাসছে যত চাঁদের কণা,
ময়না এখন তদন্ত-যে, পক্ষী তো না
পাখি আমার, পাখিরা শব, উড়ছে না যে;
পাখির ডাকের নকল করে এ-ফোন বাজে।
ফোন যার মন তার উড়ু উড়ু ফাগুনে
মিসকল কলব্যাক পোড়া যায় আগুনে
মন মরা মরা মন ফোনে রাখে ঢুকিয়ে
ঝিম ধরা ইনবক্স ঘুনে খায় লুকিয়ে
ঘুনের অবশেষ খুলে মাঝে মাঝে পড়ি
মিথ্যার ছলাকলা যত সত্য বলে ধরি:
স্যাডিস্ট ছিল তোমার স্বামী_ অত্যাচারী
আমি শুধু ফোন-বন্ধু, প্রেমিক হতে পারি?
পিকচার ম্যাসেজ _ খালি, জবাব দিলে না।
পাল্টে গেলে আরেক সিমে নাম্বার দিলে না।
পরকীয়া পরকীয়া চাঁদের বাতাসে_
আমাদের ফোনযোগ আভাসে আভাসে।
চুরমার রিংটোন বেজেছে কখন,
সেলফোন প্রত্নমন, ব্লু-টুথ খনন।
খননকার্য শেষ হলে পড়ে থাকে হাড়,
সকলেই খুঁজে দেখে, কার, এটা কার?
আমার হাড়ের গয়না পরেছো তুমি
দূর হতে ম্যাসেজ করে স্যাডিস্ট স্বামী।
আমিও স্যাডিস্ট হব কেটে নেব স্তন,
ভেতরে জেগেছে আজ ডিভোর্সি এ-মন।
বিচ্ছেদে মহান হচ্ছ বিচ্ছেদে ঘ্যম
কথাটি হল না বলা, নেটওয়ার্ক জ্যাম।
...
তারপরে হল খুন সামান্য সে মেয়ে
বলাৎকার, গলা টেপা ফাঁক তালে পেয়ে।
নখের পালিশ, লাল প্যান্টি, সাদা ওড়না _
মেয়েটি চিনিস... নাম বল... শালা, তোর না?
'এ-মেয়ে আমার নয়, ধুর, হতেই পারে না...
আমার সুলতা তো... প্রেম টেম... ধারই ধারে না।'
দগ্ধ মুখের মেয়েটি নীরবে মরেছে?
কল হিস্ট্রি দেখা হোক, অনেকে করেছে।
তার ফোনে কল করি, মা আমার, চাঁদ,
বার বার বলে শুধু, 'থোড়ি দের বাদ'
বন্ধ ফোনে ডাক ঢোকে না পিতার কিম্বা প্রেমের
অত্যাচারও গায়ে লাগে না, স্বামীর কিম্বা শ্যামের
মর্গে শোয়া মেয়ে এখন, একলা একলা, একা।
জন্ম থেকেই মেয়েগুলির মর্গে শুতে শেখা।
তদন্ত হয়েছে তার দেহ চিরে: ময়না।
পাখিও সেয়ানা খুব, পোষ-মানা হয় না।
সেলফোন পাখি পোষে, রিংটোনে বাজে সে,
কার কল কোনটা বোঝা যায় আপোসে।
ঝংকারে বাজে ফোন পরকীয়া ডাকলে_
সাইলেন্ট মোডে রাখি ঘর জাগা থাকলে।
ঘরটর ফেলে এসে ফোন যেই খুলছি_
'হাই অশোক, সুলতা, মর্গ থেকে বলছি'
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৮ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



