মনে হলো---যার কথা মনে হলে বুকে ঝর্ণার উৎসমুখ খুঁজে পাই না।
বিরতিহীন পাথর চাপা ফুল---ও বুক পুষ্পকাননের
যে শুভক্ষণ ফিরিয়ে দেবে হিমতিয়াষার সৌরভ
থেমে থেমে বৃষ্টির ছাট, ছুটে যাচ্ছে পান পরাগের ডিবি
তোমার আপন দুনিয়ার যা কিছু নিঃশেষ, সখা-কাতর,
বরজ ছেঁড়া পাতা শহরের দোকানঘরে বিড়ায় বিড়ায়
পড়ে থাকে সূর্যমুখী ঠোঁটের অপেক্ষায়।
ও মোম আলোর বেলা, পড়ে যাওয়া শেষ দুপুর---আগমনী সন্ধ্যা
বৃন্তে বৃন্তে যেরম ফোটে সুপারি ফুল---তীব্র ও কীরকম!
অবসান ঘটাবার আগে হেসে ওঠো, চাপা যৌবন থেকে
একেকটি ক্লান্ত উজ্জ্বলতা মাঝে মাঝে হাওয়ার ঝাপটের মতো
মুছে দেয় দাগগুলি মুখের--- মনে হয়
হাতমোজার ওপর দিয়ে একটা অন্ধকার, পাতাল-নিঃস্ব
টেনে নিতে চায় তাকে।
এই সাজ, সিন্দুক চাপা ইতিহাস
উত্তাল সময়ের আছে কিছু গন্ধের নিষ্ঠুরতা---পরামানবিক।
৫.১২.২০০৯
গোধুলি, কলেজরোড, জয়দেবপুর
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



