বাংলাদেশটা কেবল হাসিনা-খালেদার নয়, সে দেশটা আমারওঃ তসলিমা নাসরিন
আগামী ২৫ আগস্ট তার ৪৬তম জন্মদিনটা দিল্লিতে বন্ধু-বান্ধবদের সঙ্গে কাটাতে চান বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু জানেন না ভারত সরকার তাকে সে অনুমতি দেবে কি না। আরো নির্দিষ্ট করে বললে, দিল্লির পরিবর্তে ওইদিন কলকাতায় আসতে পারলে সবচেয়ে খুশি হবেন তিনি। কিন্তু শুক্রবার দিল্লিতে তার রেসিডেন্সিয়াল পারমিট পুনর্নবীকরণের জন্য আবেদন জমা দেয়ার সময় তসলিমা নাসরিন জানতে পারেননি ভারতে জন্মদিন পালনের মনোবাঞ্ছা পূর্ণ হবে কি না।
বস্তুত ভারতে স্থায়ীভাবে বসবাস করতে দারুণ আগ্রহী তসলিমা নাসরিন এখন প্রবল দোলাচলে। আগামী ১৭ আগস্ট তসলিমার ভারতে বসবাসের রেসিডেন্সিয়াল পারমিটের মেয়াদ শেষ হচ্ছে। এ পারমিট পুনর্নবীকরণের জন্য বুধবার লোকচক্ষুর অন্তরালে দিল্লি বিমানবন্দরে এসে নেমেছেন তসলিমা। সঙ্গে সঙ্গে পুলিশ প্রহরায় তাকে সরিয়ে এক বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে তসলিমাকে। চলতি বছরের ১৪ মার্চ রেসিডেন্সিয়াল পারমিট পুনর্নবীকরণ করেই দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক তাকে দিল্লি ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছিল। সেইমতো চলে গিয়েছিলেন তসলিমা ইউরোপে। কিন্তু ইউরোপবাসের অভিজ্ঞতা তার কাছে দুর্বিষহ মনে হচ্ছে।
তাই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবার আর তার ভারতে বসবাসের অন্তরায় হবে না বলে মনে করছেন তসলিমা। রেসিডেন্সিয়াল পারমিট মানে ভারতে বসবাসের অনুমতি। সেকথা উল্লেখ করে তসলিমা বলছেন, ‘বিদেশি নাগরিক হিসেবে যারা এই ছাড়পত্র পান, তাদের সাধারণত ১০ থেকে ২০ বছরের জন্য অনুমতি দেয়া হয়। আমার ক্ষেত্রেই এর ব্যতিক্রম হচ্ছে, আমাকে ছয় মাসের জন্য পারমিট ইস্যু করা হচ্ছে।’ এর আগে দু-দুবার তার রেসিডেন্সিয়াল পারমিট পুনর্নবীকরণ করা হয়েছে ভারত ছেড়ে চলে যেতে হবে এই শর্তে। স্বভাবতই এবারের নবীকরণ নিয়ে আশঙ্কায় রয়েছেন তসলিমা। বলেছেন, ‘আশা করি এবার নিশ্চয়ই চলে যাওয়ার কোনো শর্ত দেয়া হবে না।’
পাশাপাশি কলকাতায় আগের মতো স্থায়ীভাবে বাঙালি পরিবেশে থাকার স্বপ্নও দেখছেন ‘লজ্জা’র লেখিকা। বলছেন, ‘এবার আশা করছি আমাকে শুধু দিল্লিতে নয়, কলকাতাতেও থাকতে দেয়া হবে।’ তার লেখায় ধর্মীয় আঘাত সৃষ্টি করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এ আশঙ্কায় ২০০৭ সালের নভেম্বরে কলকাতা থেকে দিল্লিতে চলে যেতে বাধ্য করা হয়েছিল। তারপর ২০০৮-এর আগস্ট মাসে বা চলতি বছরের ফেব্রুয়ারিতে রেসিডেন্সিয়াল পারমিট পুনর্নবীকরণ করতে বিদেশ থেকে এসে তসলিমাকে থাকতে হয়েছে দিল্লিতে কড়া নিরাপত্তা মোড়কে। কলকাতায় তাকে ফেরার অনুমতি দেয়নি ভারত সরকার।
দিল্লিতে কংগ্রেসের স্থায়ী সরকার গঠনে আশাবাদী তসলিমা নাসরিন বলছেন ‘এবার নিরাপত্তার বাড়াবাড়িও কম, তাই আশা হচ্ছে হয়তো এবার ভারতে বসবাসের অনুমতি মিলবে। ইউরোপে স্থায়ীভাবে বাস করতে চাই না। সেখানে থাকতে পারবো না বলেই বারবার ভারতে ফিরে আসি। যদি স্থায়ীভাবে বাস করার অনুমতি মেলে এই আশায়।’
পার্থ মুখোপাধ্যায় কলকাতা থেকে, যায় যায় দিন
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


