ক'জন জেলে সাগরের অতল থেকে একটা বোতল টেনে
তোলে। তার ভেতর একখণ্ড ছেঁড়া কাগজ, তাতে লেখা
'কেউ একজন আমাকে বাঁচান। এই তো আমি। সমুদ্র
আমাকে এক নির্জন দ্বীপে ছুড়ে ফেলেছে। আমি তীরে
দাঁড়িয়ে আছি সাহায্যের আশায়। তাড়াতাড়ি করুন।
এই তো এখানে আমি।'
--'কোনো তারিখ নেই এতে। নিশ্চয়ই অনেক দেরি হয়ে
গেছে এতদিনে। বোতলটা হয়তো অনেক দিন ধরে
সমুদ্রে ভাসছে।' প্রথম জেলে বলে।
--'আর জায়গার নামেরও উল্লেখ নেই। এমনকি
কোন্ সমুদ্র সেটাও আমরা জানি না।' দ্বিতীয় জেলে বলে।
--'খুব দেরিও হয়ে যায় নি আর খুব দূরেও নয় তা।
এই এখানে মানে আসলে সবখানে।'বলে তৃতীয় জেলে।
তারা সবাই অস্বস্তি অনুভব করে। নীরবতা নামে।
এটা আসলে এক শাশ্বত সত্যের বিষয়।
(ভিস্লাভা শিমবর্স্কার কবিতা- অনুবাদ- আলম খোরশেদ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



