নগরীর চাঞ্চল্যকর ট্যারা শাজাহান হত্যা মামলার আসামী কমিশনার আতিক, গিয়াস ও সুলতানকে গতকাল বুধবার রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি কালু গতকাল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মুনিম হাসানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। তবে জবানবন্দিতে সে নিজেকে নির্দোষ দাবি করে। এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলায় আটক ৫ জনকে শোন এরেস্ট ও বাকী ৫ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামী মেয়র মজিবর রহমান সরোয়ারকে এখন পর্যন্ত শোন এরেস্ট দেখানো হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মীর কাসেমকে গতকাল আইজিপি ২০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন। চাঞ্চল্যকর এ মামলার তদন্তে সাফল্যজনক অগ্রগতির কারণে তাকে পুরস্কৃত করা হয় বলে পুলিশ সূত্র জানায়।
নির্বাচন কমিশন কর্মকর্তার বিরুদ্ধে
দরিদ্রের জমির গাছ কাটার অভিযোগ
জোরপূর্বক জমির গাছ কেটে সড়ক নির্মাণ করায় নির্বাচন কমিশনের সহকারী সচিব ফখরুদ্দিন সিকদারের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের নিকট অভিযোগ করা হয়েছে। সম্প্রতি বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের মাঝ গ্রামে দরিদ্র আশরাফ আলী খানের জমির গাছ কেটে অবৈধভাবে সড়ক নির্মাণ শুরু করেন ফখরুদ্দিন সিকদার। আশরাফ ঐ জমির উপর সড়ক নির্মাণে বাধা দিলে তার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আশরাফ এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাও নেয়া হয়নি। উপায়ন্তর না দেখে তিনি ১৯ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। আদালত স্থানীয় থানাকে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। কিন্তু থানা কর্তৃপক্ষ তদন্ত না করে উল্টো তাকে মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করা হয়। এদিকে অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সেলের উপ-সচিব আফরোজা পারভীন স্বাক্ষরিত এক পত্রে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক বিশেষ শাখাকে তদন্তপূর্বক গৃহীত পদক্ষেপ মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



