করিম জানতো
ভালোবাসা ওর কাছ ছেড়ে
রোদ এবং বৃষ্টির কাছে চলে যাবে-
মেয়েটার জানা ছিলো না কিছুই।
'হামেশা হামেশা আমরা একসাথে মেঘ মেঘ খেলবো'-
এ কথায় করিম অপটু ছিলো।
ওর কথায় কাদারা অনেক বেশী দৌঁড়ঝাঁপ দিতো।
করিমের কথা আসায় আমরা খুব সহজেই
একতরফা দাখিলা পদ্ধতির ত্রুটি বিচ্যুতির উল্লেখ করতে পারি।
মূলত: একতরফা- এই হিসাব বৈজ্ঞানিক পদ্ধতিটিকে
অবৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়।
কিন্তু আমাদের সদা হাস্যময় করিম
এই বিজ্ঞানভিত্তিহীনতাকেই জড়িয়ে ধরে এবং
আমরা সহজে বুঝতে পারি, ভালোবাসা-
ইহা অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক।
মেয়েটা জানেনা।
মেঘের কথা কখনো জানা হবে না তার।
করিম ওর পাশে হাঁটবে। সচকিত হাসবে।
দোকানের সবচেয়ে সস্তা চকোলেট
মেয়েটার স্বপ্নের দিকে বাড়িয়ে দেবে.
তবু মুখে কিছু বলবে না।
নূপুর বাজবে। তবু করিম কখনো-
'ওটাতো আমি তোকে কিনে দেবার জন্য বৃষ্টিতে ঘুরেছিলাম
গৈদার টেকের মেলায়'- বলবে না।
স্বাগতম করিম!
তুমি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক এক মানুষে পরিণত হয়েছ।
কেননা আমরা জানি,
ভালোবাসা অরেশনাল এবং
এর কোনো বিজ্ঞানভিত্তি প্রমাণিত হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


