(পূর্ব প্রকাশের পর)
৪)
কার জন্য পেতেছো শালপাতা--
বাতাসে ভাতের গন্ধ পেয়েছো বুঝি !
এখানে তোমার লজ্জা থাকতে নেই
এখানে তোমার শঙ্কা থাকতে নেই
এখানে শুধু তুমি আর শূন্য শালপাতা ।
এই জঙ্গল সাজিয়েছো কার জন্য
জঙ্গলের মধ্যমায় কার এই ফলকনামা--
এখানে তোমার জন্ম থাকতে নেই
এখানে তোমার শৈশব থাকতে নেই
এখানে শুধু তুমি আর সাদা ফলক ।
তবু প্রাণের সারাৎসার বিছিয়েছো এ পথেই
এ পথেই গা'য়ে আগুন দিয়ে একাকার
সূর্যোদয়ের দিকে চলে গেছে কেউ
ফেলে গেছে নিশ্চিহ্ন সব চিহ্ন সকল ।
এরপর সত্যিই তুমি জাননা তোমার যে আর
চিহ্ন থাকতে নেই, থাকতে নেই
কোনো সনাক্তকরণ, থাকতে নেই
কোনো সূর্যাস্তের বনপথ--।
৫)
জেনে রাখ হৃদয়ে থাকেনা কেউ আর
শরীর বেয়ে আঁধার-রক্ত নেমে পড়েছে পথে ।
পথে পথে এ শরীর বহুকাল
কল্পনার খোঁজে ভেঙ্গেছে পাথর
তবু শরীরে জন্মায়নি ।
অথচ কথা ছিলো প্রাচীন এই নরক থেকে অনেকদূর
এই শরীরই একদিন আশ্রয় হবে নবান্নের ।
তবু জেনে রাখ, ফাঁকা আস্তাবলে
আর কোনো যন্ত্রণা নেই ।
সহবাসের মূল্য বুঝে নিয়ে শরীর
শুয়ে আছে নীরবে, এখন শেষরাত
পৃথিবীর আলো নিভে গেছে অনেকক্ষণ
এরপর কি তুমি আর চিনতে পারবে চেনা পথ ।
(ক্রমশঃ)
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৯ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





