১)
চার ফুট বাই চার ফুট
তার মধ্য বিন্দুতে
একটা সময় পেলাম আজ।
যত ঘন্টা মিনিট পার হচ্ছে
ততো ছোট হয়ে আসছে সময়।
যত ঘন্টা মিনিট পার হচ্ছে
ততো ছোট হয়ে যাচ্ছি আমি।
যত ঘন্টা মিনিট পার হচ্ছে
ততো কঠিন হয়ে যাচ্ছে বরফ ।
চার ফুট বাই চার ফুট একটা বরফ পেলাম আজ
বরফের মধ্যবিন্দুতে একটা লাল টিপ
কেউ বলছে পৃথিবীতে একটা লাল টিপ কম ছিল ।
আমি বলছি ঐ লাল টিপটা আমার
আমি বলছি বরফ তুমি গলে যাও
বরফ বলছে আমি গলতে পারিনা
খুব বেশী হলে ভাঙ্গতে পারি।
২)
যত দিন যাচ্ছে রঙ ততো পাগল হচ্ছে
একদিন এক গোলাপী বলেছিলো
এ নাকি বাঁচার রঙ ।
যত দিন যাচ্ছে হত্যাকলা ততো মদির হচ্ছে
যত দিন যাচ্ছে সন্ত্রাস ততো মায়াবী হচ্ছে ।
একদিন এক উন্মাদ বলেছিলো
আমায় তোমরা পাথেয় কর, জমবে ভাল ।
আমরা যারা বিশেষজ্ঞের খোঁজে অস্থির
তারা আজ শব্দ নিয়ে কবিতা মাজতে বসেছি।
ফলে যা হয়, ক্রমে ক্রমে আসছে সংক্রমণ
তবক আর দাঁত ফিরে পাচ্ছে হারানো যৌনতা ।
বাইরে তখন চাঁদ আর হাজার কোকিলের মেলা
ভেতরে তখন কবন্ধের আরতিতে ব্যস্ত সরাইখানা।
আমরা ঐ সরাইখানা দূর থেকে দেখি, নমস্কার করি
বলি, একটা কোকিল অন্তত দীর্ঘজীবী হউক ।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





