অর্ধেকটা মরে গেলেও অর্ধেক যে বেঁচে আছে
খুব খুশী তাতে,
ছুটে চলছে পয়সার টায়ারে
মানিব্যাগের চামড়ার মতো মসৃণ তার গাল;
ভীষণ লম্বা একজোড়া জীভ,
কেয়ামতে ফুট ফুট পেরেক গেঁথে যাবে
সেটা ভেসে আসছিল বায়তুল মোকারম থেকে
ওসব পরদিন হবে,
সুতরাং স্বাদু জিহ্বা লক লক করে নেমে গেছে
বড় সাহেবের জুতার তলায়
চাটনী হয়েছে খানদানী পা।
কয়েকটা পয়সা পেলে জ্বীনের মতো
লম্বা হাত বৃষ্টিতে ছাতা ধরে রাখতে জানে
পাঁজরের শিক দিয়ে আগলে রাখে
তেনাদের ঝলমলে শরীর
গিন্নিদের প্যারিসের গহনা
ইউরোপিয়ান টুপি ও বিলাতি হ্যাট
কচলাচ্ছে হাত, ফটোস্ট্যাট মেশিনের মতো
যা বলছে প্রভু, তাই বলছে সে।
হাসলে কপি করে নিচ্ছে হাসি তেত্রিশবার।
ভালবাসি শোনাচ্ছে, সম্মতি দিচ্ছে সব কিছুতেই
সামান্য সুবিধার আশ্বাস পেলে
ময়লাবোঝাই ট্রাকের সঙ্গে অভিসারে যাবে অন্ধকার রাস্তায়
থুতনিতে মেখে নেবে পচে যাওয়া ইলিশের আঁশ
দুর্গন্ধে বাকি অর্ধেক মরে গেলেও
খুব খুশী হবে, কেননা পরদিন
সেই পয়সায় কোরমা ও রেজালা রাঁধবে তার স্ত্রী
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



