
লিখবো লিখবো করে ছুটির দুপুর ব্যয়িত
ঘুম ঘুম রাতে বসেছি টেবিলে,
আলস্য বেড়ে গেছে
দিন ও বছর শেষে পুরনো সীমায়, সেই ডাকঘর
গতকালের চিঠি আজও হয়নি ফেলা
বাসের আসনে নামবো নামবো করে বসে থাকি -
গন্তব্যের শেষ ডাক আরিচার ঘাট,
ফেরী আসে ফেরী যায়
হুহু বাতাসে নি:সঙ্গ
চাঁদের ওড়না ওড়ে প্রিয়তম কল্পণায়
স্বপ্নেরা অবাস্তবই রয়ে যায়
কখনো হেরে যাবে পরাজয়ের ভয়ে
গতিহীন ঝিনুকে জমছেনা মতি
শুধু রূপোর দোকানে জমে যাচ্ছে ভীড়
সরাবো সরাবো করে শ্রাবণের গড়ানো পানিতে
বইয়ের প্রচ্ছদ ভিজে চুপ চুপ
সূর্য নামে পশ্চিমে
অবেলায় ধীর দেহে স্নান করি শীতল নদীতে
উপার্জনের কাজ শেষে বাড়ি ফিরছে সতীর্থ মানুষ
বগলে পুঁথি, বাণিজ্যের হিসেব নিকেশ
সফলতা নিয়ে ফেরে কর্মঠ বণিক,
আলস্যের পৌন:পুণিকতায়
জেনে শুনে মেঘ চেয়ে দেখি, জোছনা মুড়িয়ে ভিখিরির মতো
খোলা উদ্যানে সময় ঝরে গেলে, ছুটতে থাকি
নূন্যতম আয়ু নিয়ে
এই সব নিয়মের খেলা ভাল লাগে না
হবে হবে করে বিলম্বিত হয়ে কিছুই আর শেষ হয় না
---
ড্রাফট ১.২ / প্রোক্র্যাস্টিনেশন(procrastination) এর বাংলাটা ঠিক জানা নেই। খুঁজবো খুঁজবো করে আর হয়ে ওঠে না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





