আমার প্রিয় পোস্ট

হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়।

জুলিয়ান ভিগোর লেখা > মাইকেল জ্যাকসন : খ্যাতি, অবিচার আর কুৎসার বিষে মৃত্যু যাঁর

০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:০৩

শেয়ারঃ
0 3 0

তারকাদের নিয়ে মেতে থাকা বা তাদের জন্য আবেগ বোধ করার মতো লোক আমি নই। তারপরও আমার এক বন্ধু যখন বলেই ফেলল, ‘এমন লোককে নিয়ে মন খারাপ করার কী আছে’, তখন মনে আঘাত পেলাম। আমাদের বিচার ব্যবস্থা নিয়ে খুব একটা ভক্তি আমার নেই। কিন্তু একে বাতিলও করা যায় না। আদালত যেখানে শেষপর্যন্ত মাইকেলকে নির্দোষ ঘোষণা করেছেন, সেখানে কেন এত নিন্দা-মন্দ? কেন এক দশক ধরে শিশুকামিতা নিয়ে এত মাতামাতি? এবং কেনই বা বিশেষ করে মাইকেলের বিরুদ্ধে শিশুকামিতার মিথ্যা অভিযোগ? পরে প্রমাণিত হয়েছে যে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ কেবল মিথ্যাই নয়, এসব অভিযোগের উদ্দেশ্য ছিল জ্যাকসনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া! এটা সম্ভব হয়েছে জ্যাকসনের শিশুসুলভ সারল্যের জন্য।

তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগকারী শেরিফ শেল্ডন জ্যাকসনকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজের সরকারি মতার অপব্যবহার করেছিলেন। এমনকি কয়েকজন মা তাঁদের শিশুদের ব্যবহার করে জ্যাকসনের কাছ থেকে টাকা হাতানোর ফন্দি এঁটে অনেক দূর সফলও হয়েছিলেন। পরে বিভিন্ন সময় এসব অভিযোগের অসারতা তাঁরা নিজেরাই স্বীকার করেন বা ধরা পড়ে। জ্যাকসনের প্রতি ক্ষুব্ধ আদালত পর্যন্ত রায় দিতে বাধ্য হন যে সবই ছিল সাজানো অভিযোগ।

তাই সিএনএনে জ্যাকসনের মৃত্যুর সংবাদ প্রচারিত হতে দেখে সবচেয়ে খারাপটার জন্যই প্রস্তুত হই। না তারা আমাকে হতাশ করেনি। বুর্জোয়ারা শিল্পীদের যেসব বিশেষণে অভিহিত করে, তার সবগুলোই তারা মাইকেলের নামের সঙ্গে জুড়ে দিতে ভোলেনি: ‘ছিটগ্রস্ত’, ‘উদ্ভট’, ‘আত্মকেন্দ্রিক’। যে ড্যান আব্রামস আরেক কৃষ্ণাঙ্গ তারকা ওজে সিম্পসনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পেশ করে বিখ্যাত হয়েছিলেন, তাঁকেই দেখা গেল জ্যাকসনের ‘ছিটগ্রস্ততা’ নিয়ে নির্মম কথা বলে যেতে। আব্রামসের মতো লোক, যিনি প্যাট বুকাননের মতো হিটলারভক্তকে কর্মচারী রাখেন, তাঁর মতো ছিটগ্রস্ত আর কে আছে? সিএনএন, এমএসবিসির মতো জনপ্রিয় চ্যানেলগুলোতে সেদিন একে একে এসেছিলেন জ্যাকসনের কুৎসা রচনাকারীরা। এঁদের মতো লোকেরাই আদালতে মিথ্যা স্যা দিয়ে জ্যাকসনকে মানসিকভাবে গুঁড়িয়ে দিয়েছিলেন। শিশুকামিতার অভিযোগে বিচারের শুরুতে যে জ্যাকসনকে দেখা যায় আদালতের সামনে ভ্যানের ওপর নাচতে, বিচারের মাঝখানে তাঁকে হাসপাতালে পাঠাতে হয়। আর বিচার শেষে যে জ্যাকসনকে আমরা পাই, সেই জ্যাকসন ভঙ্গুর, কাবু এবং রুগ্ণ দেহের এক মানুষ। কিন্তু আদালতে জয়ী হয়ে এলেও মার্কিন মিডিয়ার চোখে জ্যাকসন এখনো এক শিশুকামী। মৃত্যুর পরও এই অপবাদ থেকে তাঁর রেহাই মেলেনি।

গত কয়েক দিনে আমি মাইকেল জ্যাকসনকে নিয়ে যা-ই পেয়েছি, তা-ই পড়েছি ও দেখেছি। পড়েছি আদালতের রায়, সংবাদ প্রতিবেদন এবং দেখেছি তাঁকে নিয়ে করা বেশির ভাগ ভিডিও। এসব করতে গিয়ে ব্যক্তি জ্যাকসনকেও আমি ভালোবেসে ফেলেছি। জীবনে কারও ভালোবাসা বা সদয় আচরণ তিনি পাননি। না তাঁর বাবা-মা, না মার্কিন মিডিয়া, না মার্কিন বিচারব্যবস্থা; কেউ তাঁকে শান্তিতে থাকতে দেয়নি। এমনকি তাঁর মৃত্যুর পর সিএনএন যাঁকে তাঁর সম্পর্কে বলতে বসিয়েছে, তিনিও মিথ্যা অভিযোগগুলো আবার বলতে ভুললেন না। এই নির্দয় জগতের প্রতি তিনি শোধ নিয়েছেন তাঁর বাসভবন নেভারল্যান্ডকে শিশুস্বর্গ হিসেবে সাজিয়ে। যে আনন্দের আস্বাদ থেকে তিনি শৈশবে বঞ্চিত হয়েছেন, তাঁর সন্তানদের জন্য নেভারল্যান্ড ভরিয়ে তুলেছেন সেই সব স্বপ্নের উপকরণ দিয়ে।

মাইকেল জ্যাকসনের সিদ্ধান্তগুলোকে আমার ‘ছিটগ্রস্ত’ বা ‘আÍকেন্দ্রিক’ বলে মনে হয়নি। মনে রাখতে হবে, সারাটা জীবন তাঁকে তাঁর ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রার সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে। পরিবারের জন্য স্বাভাবিক জীবন এবং এমনকি ভক্তদের নিরবচ্ছিন্ন চাপ থেকে নিজেকে শারীরিকভাবে বাঁচানোর জন্যই তাঁকে এসব করতে হয়েছে। এবং আলবৎ বলব, বিখ্যাত হওয়ার দিন থেকেই তাঁর জীবনের স্বাভাবিকতা জানালা দিয়ে পালিয়ে গেছে। ১৯৮২ সালে থ্রিলার অ্যালবামের সাফল্যের মুহূর্ত থেকে তিনি দেখতে পেলেন, কোটি কোটি ভক্তের মধ্যে তিনি বন্দী। এ সপ্তাহের টাইম পত্রিকায় ডেনাল্ড রাম্প তাই বিশদভাবে লিখেছেন, “আমরা ছিলাম আটলান্টা সিটির ট্রাম্প তাজমহলে। হাজার হাজার মানুষ সেখানে আরিকভাবে আমাদের দিকে দৌড়ে এল। সঙ্গে ২০ জন দেহরী থাকা সত্ত্বেও আমরা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়লাম। মাইকেল হাঁটুতে ভর দিয়ে ভিড় থেকে বেরিয়ে যেতে গেলেন। আমি ভেবেছিলাম, তিনি পড়ে গেছেন। কিন্তু প্রায়ই তাঁকে এ রকমটা করতে হয়। তাঁকে জিজ্ঞেস করি, ‘মাইকেল, সব সময়ই কি এ রকমটা হয়?’ উত্তর আসে, ‘হ্যাঁ, এটা তো কিছুই না। জাপানে আরও খারাপ হয়েছিল’।’’

এসব থেকেই আমার মনে হয়, মাইকেলের জীবনে স্বাভাবিকতা আনার সুযোগ ছিল না। একদিকে মিথ্যাচার, অপবাদ, আদালতের হয়রানি; অন্যদিকে মিডিয়ার কুৎসা ও খ্যাতি আর ভক্তদের বাড়াবাড়ি। তাই এ রকম চার হাত-পায়ে পালানোটাই যেন ছিল তাঁর ‘স্বাভাবিক’ জীবন।
মাইকেল জ্যাকসনের মধ্যে এক সুন্দর মানবমনের অস্তিত্বকে আমরা দেখতে ভুলে গিয়েছি। সারাটা জীবন যে ভয়ানক শক্তির হাতে তিনি পীড়িত হতেন, কেবল মঞ্চের নাচের মধ্য দিয়েই তিনি তাদের হাত থেকে নিজের মুক্তি কিনে নিতেন। জীবনের শেষ দিকে আরিকভাবেই মিডিয়া ও জনসাধারণ থেকে নিজেকে আড়াল করে রাখেন তিনি। সারল্যের সুযোগে সবাই তাঁর সঙ্গে এত প্রতারণা করেছে যে তিনি আর কাউকেই বিশ্বাস করতেন না। তার পরও তাঁর এই লুকিয়ে থাকাকে বলা হবে ‘ছিটগ্রস্থতা’? বড়দের প্রতারণায় আহত হয়ে তিনি শিশু ও পশুপাখীদের সঙ্গ ভালবাসতে শুরু করেন। অথচ কী মর্মান্তিক যে এ জন্য তাঁকে শুনতে হয় ‘বয়স্কশিশু’র অপবাদ। যারা এসব বলে তারা ভুলে যায় ক্ষুধা, দুর্ভিক্ষ, যুদ্ধ এবং বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে তাঁর শিল্পীসুলভ অবদানের কথা, মানুষকে সচেতন করার প্রচেষ্টার কথা, মানবতবাদী কাজে বিপুল সম্পদ দান করার কথা। কমপে চল্লিশটি দাতব্য সংস্থায় মাইকেল অর্থ দিয়েছেন। এসব না বলে শক্তিশালী মিডিয়া কেবলই আউড়ে চলেছে নিগারের টাকা কেথায় গেল বা কত ড্রাগ নিল কিংবা ‘কী হবে তাঁর শিশুদের’ জাতীয় কথাবার্তা। খারাপ কথার আকর্ষণ বেশি। এসবে আবারো প্রমাণ হলো, কীভাবে মিডিয়ার সৃষ্টি করা ‘জনমত’ অনেকসময় যুক্তি ও প্রমাণের বিপরীতে মিথ্যায় আসক্ত হয়ে যায়।

তাই কাউন্টারপাঞ্চে ইশমায়েল রীডের লেখা ‘মাইকেল জ্যাকসন নিধন’-এ (দা পারসিকিউশন অব মাইকেল জ্যাকসন, http://www.counterpunch.org/reed06292009.html ) তিনি সঠিকভাবেই অভিযোগ তোলেন যে, মিডিয়া আর রাজনীতিবিদদের আমরা আর ন্যায়-অন্যায় বিচারের ভার দিতে পারি না। কিন্তু বিপদ এটাই যে, ‘শ্বেতাঙ্গ ইলেকট্রনিক জুরিরা নিজেদের আইনের ঊর্ধ্বে স্থাপন করেছেন...কৃষ্ণাঙ্গ ও বাদামি ল্যাটিনোদের অনুপস্থিতিতে মার্কিন দেশের গণমাধ্যমে চলছে শ্বেতাঙ্গ দাপট। এরা অনবরত নিয়োজিত কোনো কৃষ্ণাঙ্গ তারকাকে ছিন্নভিন্ন করতে। ঠিক যেমনটা দাসপ্রথার যুগে করা হতো কৃষ্ণাঙ্গদের দেহ নিয়ে।’ এই মিডিয়া আর তাদের তৈরি জনমতই যেন শেষ কথা বলার অধিকারি। এন্ড্র– সুলিভান আটলান্টিক পত্রিকায় কঠিন যুক্তি দিয়ে দেখান, মাইকেলের করুণ মৃত্যুতে আমাদেরও অজস্র দায় আছে। সুলিভান লিখেছেন, ‘তাঁর জন্য আমার দুঃখ হয়। কিন্তু আরো দুঃখ হয় সেই সংস্কৃতির জন্য যা তাঁকে সৃষ্টি করেছে এবং হত্যা করেছে। এটাই আমাদের সংস্কৃতি এবং তা জঘন্যরকম নির্মম ও প্রাণঘাতী। এর মূল্যবোধের গোড়ায় রয়েছে খ্যাতি ও বন্দনা, এর মূল প্রেরণা হলো বিত্ত ও টাকা। এই সংস্কৃতি মাইকেলকে চুষে ছিবড়া করে থুতুর মতো ছুঁড়ে ফেলেছে।’

মাইকেলের জীবন নিয়ে এখন আমার মনে হয়, যেন আমরা শারলি জ্যাকসনের লটারি শোর সেই খেলার মধ্যে আছি। খেলাটি এরকম: ‘আজ কে আমাদের নিরানন্দ সময়টাকে আমোদে ভরাবে’। দর্শকদের মাতিয়ে রাখার এই খেলাটা আসলে মিডিয়ার একটি কৌশল। আমরা জেনে বা না জেনে এই খেলার অংশ হয়ে যাই। দুঃখজনক যে, জ্যাকসনের জীবনের সুন্দর দিকগুলি ঢেকে রেখে নোংরা কুৎসাগুলো দিয়ে এই খেলায় আমাদের মাতিয়ে রাখা হয়েছে।

জ্যাকসনের মৃত্যু থেকে এখন আমার চাওয়া একটাই: যাতে আমরা বুঝতে পারি দৈনন্দিন জীবনে ব্যক্তি হিসেবে আমরা এমন অনেক কিছুই করি বা বিশ্বাস করি, যা আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়। আমার আশা, মাইকেল সম্পর্কে যে সহিংসতা ও গল্পগাথা মিডিয়া সৃষ্টি করেছে, তা ছেড়ে তাঁর জীবনের আরো ইতিবাচক দিক: তাঁর গানে ও নাচে যে স্বপ্ন, সৌন্দর্য, সৃষ্টিশীলতা ও ভালবাসা ছড়িয়ে রয়েছে, তাতে আমরা মন দেব। এসবের আলোকেই তাঁকে মূল্যায়ন করবো।

কাউন্টারপাঞ্চ থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ।
জুলিয়ান ভিগো: কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

আরো লেখার জন্য দেখুন http://www.counterpunch.org/
এবং Click This Link

 

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:১০
ফেরারী পাখি বলেছেন: মাইকেল কি ছিলেন, কেমন ছিলেন, সবিশেষ জানিনা। আমাদের দেশে মাইকেল অনেক জনপ্রিয় ছিলেন, সেটা জানি-- অবাক হয়ে দেখেছি, তার কিছু নাচ। শুনেছি তার কিছু গান। এর বেশী তেমন কিছু নয়। দুনিয়া জোড়া সবাই তার নাম জানে, এটাও আস্তে আস্তে জেনেছি।

কিন্তু তাকে নিয়ে জীবিত অবস্থায় যা চলেছে, বিশেষ করে তার মৃত্যুর পর যা চলছে-- সত্যিই খুব ক্লান্তিকর।

একটা মানুষের এত খারাপ দিক থাকলে, সে কেমন করে এত জনপ্রিয় হয়, বা গুণী হয়? এটাই আমার কাছে রহস্যের মনে হয়।

আপনার এই যৌক্তিক লেখাটা অনেক ভালো লাগল। সত্যি মিথ্যা যাই হোক -- একজন মানুষকে যে আমরা একটু ইতিবাচক দেখতে পারছি, এটাই বা কম কিসে?

আমি মাইকেলের ভক্ত না কিন্তু আপনার লেখার ধরণ এর জন্য লেখাটাকে প্রিয়তে নিলাম।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ ফেরারী পাখি। মাইকেলকে নিয়ে আমারো উচ্ছাস নাই। কিন্তু যে এনার্জি রিলিজ হয় তার বডি ও গলা থেকে, তার পারফরম্যান্সে তা বিরল। এটা গিফটেড প্রতিভা ছাড়া হয় না।

মাইকেলের বিচারের নথিগুলোর কিছু কিছু ভাষ্য পড়ে মনে হয়েছে, এটা স্রেফ মিডিয়ার নির্দয় নোংরামো, বর্ণবাদের উৎকট প্রকাশ।

মাইকেলের গায়ের রং বদলানো তাই তাঁর নয়, শ্বেতাঙ্গ বর্ণবাদের প্রকট আধিপত্যের ছাপ মনে হয়, যা তারা দিয়ে দিয়েছে এক কালো মানুষকে বদলে দিয়ে এবং অবশেষে মানসিক পীড়নের মাধ্যমে হত্যা করে।

মাইকেলের ডিজিজ আসলে মার্কিন ভোক্তা সংস্কৃতিরই ডিজিজ। ঘৃণ্য এ জগত।

২. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৩
সাধারণমানুষ বলেছেন: "এই নির্দয় জগতের প্রতি তিনি শোধ নিয়েছেন তাঁর বাসভবন নেভারল্যান্ডকে শিশুস্বর্গ হিসেবে সাজিয়ে। যে আনন্দের আস্বাদ থেকে তিনি শৈশবে বঞ্চিত হয়েছেন, তাঁর সন্তানদের জন্য নেভারল্যান্ড ভরিয়ে তুলেছেন সেই সব স্বপ্নের উপকরণ দিয়ে" এ কাজ সবাই করেনা বা পারেনা মাইকেলের কাজ তাকে প্রমান করে
৩. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
ফারুক ওয়াসিফ বলেছেন: জীবিত মাইকেলকে তারা বিক্রি করেছে, তাঁর বিতর্কিত ইমেজের কারণে মিউজিক ইন্ডাস্ট্রি বিশেষ করে সনি কোম্পানির তুমুল লাভ হচেছ। মৃত্যুতেও তিনি রেহাই পেলেন না, তাঁকে রহস্যময় করে তুলে ব্যবসার সেক্স আরো বাড়ানো গেল।

পুঁজিবাদ কীভাবে শিল্পীকে তার জীবন থেকে, এমনকি শিল্পকে শিল্পীর দেহ-জীবন-স্মৃতি ও একান্ত সত্তা থেকে ছিঁড়ে আলাদা করে ব্যবহার করে, মাইকেলের জীবন তার বড় প্রমাণ।
৪. ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ৭:১১
রাজর্ষী বলেছেন: অসম্ভব ভালো লেখা। একেবারে মনের কথা। ধন্যবাদ পড়ার সুযোগ করে দেোয়ার জন্য
৫. ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৩৮
ফারুক ওয়াসিফ বলেছেন: ধন্যবাদ রাজর্ষী।

এটা আমার লেখা নয়, আজকের প্রথম আলোতে প্রকাশিত আমার করা অনুবাদ। সেভাবেই এখানে ছেপেছি।
৭. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:১৬
ফারুক ওয়াসিফ বলেছেন: অনেক ধন্যবাদ সীমান্ত ইসলাম।
৮. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:১১
অলস ছেলে বলেছেন: মাইকেল এর বিষয়ে তেমন আগ্রহ ছিলনা, তাই ভালোভাবে পড়িনি কোন খবর। এখন দেখছি, যে পাশ্চাত্য প্রচারণা সম্পর্কে নিজেকে সচেতন মনে করি, তার খপ্পরেই পড়েছি না জেনে। লেখাটা ভালো লেগেছে। লিংকগুলোতে গিয়ে পড়ছি এখন।
৯. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৮
ফারুক ওয়াসিফ বলেছেন: আমারো তাই। অদ্ভুত যে, যে পপ গান পছন্দও করে না সেরকম লোককেও দেখেছি মাইকেলের জন্য মন কেমন করতে। বিষয়টা গানের জন্য যেমন এক কৃষ্ণাঙ্গ নায়কের ট্র্যাজিক পরিণতির জন্যও তেমন। মানুষ সফল বীরের পক্ষে না দুঃখী বীরের পক্ষে।
১০. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫০
হারুন আল নাসিফ বলেছেন: দুখী বীরের জন্য মানুষের সহানুভূতি, সহমর্মিতা ও সমবেদনা চিরদিনের।
১১. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১২
রিফাত হাসান বলেছেন: মাইকেল জ্যাকসন বিষয়ে আমার একটা আগ্রহ আছে। সুযোগ পেলে পরে বলব। এখানকার পর্যবৈক্ষণগুলি মোটামোটি তাৎপর্যবহ। পোষ্টের জন্য ধন্যবাদ।
১২. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৯
ফারুক ওয়াসিফ বলেছেন: ধন্যবাদ রিফাত। আপনার পর্যবেক্ষণের জন্য অপেক্ষা রইল।

@ নাসিফ দুভাবে দেখা যায়: মাইকেল বা এ আর রহমানের মতো প্রতিভা প্রথমবার পুঁজিবাদী পণ্য-পূজার (ফেটিশিজম) শিকার হয়ে সেলিব্রেটি হন। যতই তা হতে থাকেন ততই তার বিমানবিকীকরণ হতে থাকে অর্থাৎ শিল্পী পরিণত হন কালচার ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসেবে, অরাজনীতিকরণের সমাজে হয়ে ওঠেন আইকন, ব্যক্তি মনের স্পন্দন সেখানে নিষিদ্ধ। এভাবে পরিবর্তিত শিল্পী একসময় বাজারের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে মঞ্চে ফেটে পড়েন। মানুষ জ্যাকসনকে এই ইন্ডাস্ট্রি ও তার বর্ণবাদী রাজনীতি পরিণত করে কৃত্রিম জ্যাকসন। যার শরীর নিজের নয় (বিকৃত-পরিবর্তিত), যার ভাললাগা আপন নয় (নেভারল্যান্ডের জীবন) এবং যার শিল্পের অধিকারী কর্পোরেট কোম্পানি সনি।

মাইকেলের ইতিহাস তাই বুর্জোয়া সমাজে শিল্পীকে দেবতা বানিয়ে ছাতু করার ইতিহাস।
১৩. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৩
আন্দালীব বলেছেন: লেখার ভেতর দিয়ে ব্যক্তি মাইকেল অসহায়ত্বের দিকটা যেন দেখা গেলো।

এই পর্যবেক্ষনগুলো যথার্থ বলে মেনে নেয়ার মতো বলেই এখন অনুভূত হচ্ছে। ফলে যেই চাইল্ড মোলেস্টেশসনের দায়ে এ্যাদ্দিন খুব একতরফা ভাবে মাইকেলকে যেভাবে 'প্রিয়' থেকে 'অপ্রিয়' তালিকায় চালান করেছিলাম সেজন্য একপ্রকারের অপরাধবোধও হচ্ছে।

তার সৃষ্টি দীর্ঘজীবি হৌক।

লেখাটির জন্য ফারুক ওয়াসিফকে ধন্যবাদ।

১৪. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২৭
ফারুক ওয়াসিফ বলেছেন: ধন্যবাদ জনাব আন্দালীব।
১৫. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৯
কৌশিক বলেছেন: মাইকেল জ্যাকসনের জীবিত কালে আমরাও জীবিত ছিলাম...এটা ভেবেই গর্ব হচ্ছে...
১৬. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৩
ফারুক ওয়াসিফ বলেছেন: আমার গর্ব হচ্ছে না, তবে বিষয়টা ভাবিয়েছে। ধন্যবাদ কৌশিক সাহেব।

 

মোট সময় লেগেছে ০.৯৬৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই