কোন প্রকার শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মাত্র ৩০০ টাকার বিনিময়ে নিয়োগপ্রার্থী ১১০ জন শিক্ষককে ‘সরকারী চাকুরীর জন্য স্বাস্থ্য বিষয়ক সনদ’ প্রদান করেছে রাঙামাটির সিভিল সার্জন অফিস। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২৬৩ জন সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের নিয়োগের যোগদানপত্র প্রদান করার পর সোমবার থেকে শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা। কিন্তু রাঙামাটি সিভিল সার্জন অফিসে গিয়ে দীর্ঘক্ষন অবস্থান করে সরেজমিনে পর্যবেক্ষন করে দেখা গেছে,প্রার্থীদের কাছ থেকে নগদ ৩০০ টাকা এবং পাঁচটি টিপ সই নিয়েই দিয়ে দেয়া হচ্ছে সরকারী চাকুরীতে যোগদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডাক্তারি সনদ। আর সনদে সাক্ষর করছেন খোদ সিভিল সার্জন। সোমবার প্রথমদিনে বিকেল চারটা পর্যন্ত রাঙামাটি সদর,লংগদু,কাউখালি,জুড়াছড়িসহ বিভিন্ন উপজেলার ২৬৩ জন নিয়োগ লাভকারীর মধ্যে ১১০ জনকে এই সনদ দেয়া হয়েছে। বাকীদের সনদ দেয়া হবে ঈদের ছুটির পর।
এই প্রসঙ্গে রাঙামাটির সিভিল সার্জন ডাঃ মনীষা চাকমা বলেন-আসলে ওরা অনেক কষ্ট করে চাকুরী পেয়েছে,তাই আমরা আর ওইভাবে টেস্ট করছিনা। টাকা নেয়ার প্রসঙ্গে তিনি বলেন-এটা আমি ঠিক বলতে পারবোনা,আগে থেকেই নেয়া হয়,তাই এবারও নেয়া হচ্ছে। এটা সরকারী ফি কিনা জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি। তবে তার সহকারী একজন কর্মচারী পাশ থেকে জানান-এটা আসলে আমাদের বড় বাবু (প্রধান কেরাণী বলতে পারবে ),ম্যাডাম জানবেননা। এই সময় সিভিল সার্জন মনীষা চাকমা ওই কর্মচারীকে বলেন- ‘সাংবাদিক সাহেবকে চা নাস্তা খাওয়ার জন্য কিছু পয়সা দিয়ে দাও।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




