জলসজীবতা
জলমগ্ন না হলে জন্ম হবে না
এই বোধশক্তি হারিয়ে ফেলে আজ
দাঁতলাগা অবস্থায় কারা সংজ্ঞাহীন?
প্রাণকোষ জলসজীবতা নিয়ে জেগে ওঠে
তাও তারা ভুলে যাচ্ছে চোরাস্রোতে পড়ে
বর্ষণশীল এ শ্রাবণে আদ্যজ্ঞান কি তারা ফিরে পাবে না?
সংবেদন
সংবেদ ফিরে পাই জড়তা থাকে না
আঁতুড়ঘরের চৌহদ্দি থেকে বের হয়ে
সংজ্ঞালাভ করি
ও বরিষণধারা!
ধারাজল কারা ভেঙে ভেঙে জলমগ্ন করে
কোন্ রসায়ন আজ কোন্ সাজ পরিয়ে দেয়?
প্রস্ফুটন
প্রস্ফুটন হলো এ মুষলধারায়
এরপর কী বিস্তার!
জীবনস্রোতের বিপরীতে
আঁতুরঘর ভুলিনি,
বন্যাকবলিত হওয়ার পরও
উৎপত্তিমূলে ফিরে আসি সিক্তনদী খুলে খুলে।
ভাগচাষী
অকর্ষিত মাটি ছুঁয়েছে এ বৃষ্টি
কী আনন্দ!
যদিও আমি এখনো ভাগচাষী
খণ্ড খণ্ড হয়ে যাই ধইঞ্চার ক্ষেতে
তবু ফসলের বীজ নিয়ে
বর্ষণমুখরিত ভোরে মাঠে গিয়ে পৌঁছি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

