.......জিরো গ্র্যাভিটি.......

মনসুন রেইন: বহুদিন পর বৃষ্টি দেখে আশ্চর্য কী-বোর্ড ম্যানিয়া!

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:১৬

শেয়ারঃ
0 0 0

মৌসুমের দ্বিতীয় বৃষ্টি। মাটি থেকে সোঁদা সোঁদা গন্ধ উঠল। মাথাটা আচমকা হালকা লাগছে..... আজকের বৃষ্টিটা কেমন যেন মনে হচ্ছে একটা যবনিকা ছিঁড়ে দিয়ে গেছে... কোথাও একটা তাল কেটে ছিল, সেটাকে জুড়ে দিয়ে গেছে.....
বেশ লাগছে.....
এতদিন পর পোস্ট দিচ্ছি, একটু অস্বস্তি হবার কথা। হচ্ছেও কিছুটা। ব্লগ দুনিয়া বড় বেশি চলমান। আমি শম্বুক গতির মানুষ, তাল রাখতে পারি না। নতুন নতুন ব্লগে এসে যাদের লেখার প্রেমে পড়েছিলাম, এখন যারা আর লেখেন না, এখনো তাদের ব্লগে মাঝে মাঝে ঢুঁ মারি; জানি নতুন লেখা দেখব না, তবু কেন যেন মন চায় একটু দেখে আসতে। পুরনো বাড়ির প্রতি যেমন কোন কোন মানুষের একটা কৌতুহল থাকে, ঠিক তেমনি। আজও, একটু আগে, এই লেখাটা শুরু করার আগে তাদের কারো কারো ব্লগ বাড়ির আঙিনা মাড়িয়ে এলাম..... নতুন অনেকের লেখা চোখে পড়ছে..... কমেন্ট করতে গিয়েও করলাম না, বুঝতে পারছি না কি বলব। বলছিলাম না, তাল রাখতে পারি না!

বৃষ্টি নিয়ে অনেকগুলো পোস্ট নিশ্চয়ই এসেছে আজ। আসার কথা। আমার ছোট জীবনে আমি এত ভীষণ শিলাবৃষ্টি আর দেখিনি। ঘরের বারান্দায় শিল পড়ে ছিল, বাসার কাছেই কয়েকটা টিনের চালে শিল পড়ার বেদম শব্দ..... রাস্তা দেখে এলাম এক ফাঁকে রীতিমত সাদা ফোঁটা ফোঁটা নকশা হয়ে আছে।
দিনটাকেই চমৎকার করে দিয়ে গেছে আজকের বৃষ্টিটা.....
একটা কবিতার দু'টো লাইন মনে পড়তে গিয়ে পড়ছে না। কবিতাটা ফররুখের, শেষ দু'টো লাইন মনে করতে পারছি না.... প্রথম লাইনটা ছিল-
"বৃষ্টি এল, বহু প্রতিক্ষীত বৃষ্টি"
শেষ লাইনটা মনে আসছে না... শেষ শব্দ দু'টো ছিল "বিষণ্ণ মেদুর"... আরেকটা কবিতা ছোটবেলায় পড়তাম,
বৃষ্টি এল কাশবনে,
জাগল সাড়া ঘাসবনে.... শেষে এক রাখাল ছেলের কথা ছিল যে কিনা বৃষ্টির আমেজে পথ ভুলে যায়।
"রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ ভোলা।
মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে......."
এটা কার কবিতা?
নামটা যেন কি ছিল...
কিচ্ছু মনে আসছে না। অথচ আজ এই কবিতাগুলো মনে হচ্ছে।
রাত বেড়ে গেছে।
বাড়ছে...
কিন্তু বৃষ্টির তাল এখনো কাটছে না....
আশ্চর্য!
এখনো সবকিছু ছন্দময় লাগছে।
বহুদিন পর একটা ব্লগ লিখছি, চুলায় সম্ভবত কেউ চায়ের পানি বসিয়েছে.....
বুঝতে পারছি না ঠিক... ব্যাপারটা কি আমার মনের মধ্যে কাজ করছে নাকি আসলেও বিষয়টা এমনই? কী-বোর্ডের শব্দটাও ছন্দময় লাগছে আজ রাতে... মনে হচ্ছে টাইপ করতেই থাকি.... করতেই থাকি... লিখতেও ভালো লাগছে....
কোথাও একটা আড়াল মনে হচ্ছে ছিঁড়ে গেছে.... সময়টা সুন্দর লাগছে... বহুদিন পর সুন্দর লাগছে....

মনে হচ্ছে এক কাপ চা খেয়ে আরো কিছুটা সময় কম্পিউটারের সামনে বসে ব্লগে হালকা চোখ বুলিয়ে যেতে পারব, ভালোই লাগবে।
এখন সব কিছুই কেমন যেন ভালো লাগছে....
বেশ ভালো......

[আরো সুন্দর একটা বৃষ্টির ছবি খুঁজছিলাম। কোনটাই মনোপুত হচ্ছে না... এটাই দিলাম।]

 

সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৩০
চিকনমিয়া বলেছেন: শিলা বৃষ্টি ভালা লাগে, তয় মাথাত পড়লে ভালা লাগেনা
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: :) আমারো মাথায় পড়লে ভালো লাগে না।
অফ টপিক: ভালো আছেন, চিকনমিয়া? আপনার ব্লগে ঢুকে দেখলাম অনেক আগের পোস্ট সর্বশেষ। ভাবলাম আপনি অফ হয়ে গেছেন, হননি দেখে ভালো লাগল।

২. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৩২
মানিক হাসান বলেছেন: প্রকৃতির সাথে নাকি মানুষের মনের একটা যোগ আছে
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: নিশ্চয়ই আছে। অন্তত আমার তো আছেই...

৩. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৪০
চিকনমিয়া বলেছেন: জ্বে আফা, আচি ভালাই, আফনের কিচু লেকা আচে ভালা লাগে,
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ চিকনমিয়া। কিচু লেকা ভালা লাগে জেনে খুব আনন্দ হচ্ছে। আমার অবশ্য চিকনমিয়া নামটাই তার চেয়ে অনেক বেশি ভালো লাগে:)। কথা সত্য। ব্লগে এমন ব্র্যান্ড নেম কিন্তু আর একটাও নেই।

৪. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৫৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এত সুন্দর-মনকাড়া একটা লেখা, মনে হয়.. পড়তেই থাকি.. পড়তে থাকি... যেন শেষ না হয় কখনো।

অনেকদিন পর দেখলাম আপনাকে, কেমন আছেন? কেন লেখেন না নিয়মিত?
৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:১৫

লেখক বলেছেন: লিখতে ভালো লাগে না কেন যেন...
ঠিক ভালো লাগে না তা নয়, জানি না কেন যেন লিখতে পারি না আর, লেখা মনে হয় হারিয়ে যায়.... তাল কেটে গেছে.....
আমাকে মনে রেখেছেন দেখে ভালো লাগল।
কেমন আছি?
-বেঁচে আছি।
আপনি ভালোই আছেন আশা করি।
আপনার কমেন্ট পেয়ে খুব ভালো লাগছে।

৫. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:০২
রুবেল শাহ বলেছেন: আমি বন্দি কারাগারে ( অফিসে ) তাই ভিজিতে পারি নাই.............
৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: আমিও ভিজি নাই। ভেজার সুযোগ সহজে ঘটে না :(

৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: :) থ্যাংকস। হাতটা সুন্দর (জ্যোতিষী ডাকতে হবে!)
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অবশ্য বেশি টানছে আমাকে....

৭. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:১৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: লেখাটা অসম্ভব ভালো লেগেছে। যতোটা বলেছি, তারচেয়েও বেশি, খুঁজেপেতে তাই একটা উপহার নিয়ে এলাম। বৃষ্টি নিয়ে আমার পড়া শ্রেষ্ঠ কয়েকটি পঙক্তি! আমার লেখা নয়, বলাইবাহুল্য; আখতারুজ্জামান ইলিয়াসের 'নিরুদ্দেশ যাত্রা' গল্প থেকে--


''এই মনোরম মনোটোনাস শহরে অনেকদিন পর আজ সুন্দর বৃষ্টি হলো। রাত এগারোটা পার হয় হয়, এখনো রাস্তায় রিকশা চলছে ছল ছল করে...আমার জানলায় রোদন-রূপসী বৃষ্টির মাতাল মিউজিক, পাতাবাহারের ভিজে গন্ধভরা সারি, বিষাদবর্ণ দেওয়াল; অনেকদিন পর আজ আমার ভারি ভালো লাগছে। ছমছম করা এই রাত্রি, আমারি জন্যে তৈরি এরকম লোনলি-লগ্ন আমি কতোদিন পাইনি, কতোকাল, কোনোদিন নয়। বৃষ্টি-বুনোট এইসব রাতে আমার ঘুম আসে না, বৃষ্টিকে ভারি অন্যরকম মনে হয়, বৃষ্টি একজন অচিন দীর্ঘশ্বাস। এইসব রাতে কিছু পড়তে পারি না আমি, সামনে বই খোলা থাকে, অক্ষরগুলো উদাস বয়ে যায়, যেনো অনন্তকাল কুমারী থাকবার জন্যে একজন রিক্ত রক্তাক্ত জন্মদান করলো এদের। চায়ের পেয়ালায় তিনটে ভাঙা পাতা ঘড়ির কাঁটা হয়ে সময়কে মন্থর কাঁপায়। ষাট পাওয়ারের বাল্বে জ্বলছে ভিজে আলো, আর চিনচিন করে ওঠে হঠাৎ, কতোদিন আগে ভরা বাদলে আশিকের সঙ্গে আজিমপুর থেকে ফিরলাম সাতটা রবীন্দ্রসঙ্গীত শুনে, 'তুই ফেলে এসেছিস কারে', সেই সোনার শৈশবে ভুল করে দ্যাখা একটি স্বপ্ন, স্বপ্নের মতো টলটল করে। আমার ঘুম আসে না, আলোর মধ্যে একলা জেগে রই।...''


সুন্দর না, লাইনগুলো?

[মনে রাখবো না কেন? এ এক অদ্ভুত জগৎ, দেখা হয় না, কথা হয় না, তবু এক অসংজ্ঞায়িত সম্পর্ক গড়ে ওঠে। 'হয়তো ক্ষণিকের এই সম্পর্ক, অলিখিত, তবু দিব্যকান্তি।'

যেমনটি বলেছেন, আমারও পুরনো কাউকে কাউকে খুব মনে পড়ে যাদেরকে শুরুতে এসেই পেয়েছিলাম। আপনিও তাদের মধ্যে একজন!

ভালো থাকবেন। আপনাকে নিয়মিত পাবো বলে আশা করছি।]
৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: বইটা পড়তে হবে দেখছি। (কনফেশন: আমার পড়া বইয়ের সংখ্যা খুবই সীমিত।)
লাইনগুলোর মধ্যে একটা দারুণ সুন্দর টার্ম দেখছি "লোনলি-লগ্ন"। এরকম চিন্তা মাথায় আসলেই বোধহয় লেখক বলে তাদেরকে।
এই অদ্ভুত জগতের টানটাই আমি সামলাতে পারি না। আজই আমার সবচেয়ে পুরনো নেট-ফ্রেন্ডের সাথে কথা হল। কতদিন পর। মনে রাখলে মনে রাখা যায়। কিন্তু কেমন যেন ভুলে যাওয়ার একটা অভ্যাস আছে এই নেট-দুনিয়ায়.....
হুঁ, আমারও মনে আছে, আপনার শুরুর দিককার ব্লগগুলো দারুণ উপভোগ করেছিলাম... মাঝখানে গ্যাপ অনেকদিন। তবু মনে রেখেছেন- এটাই একটা দারুণ পাওয়া মনে হচ্ছে।
আপনিও ভালো থাকুন।

৮. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:২৩
রুবেল শাহ বলেছেন: কামাল ভাই আপনার "" বৃষ্টিমুখর দিনরাত্রি "" লেখাটা আমার অসম্ভব ভাল লাগে............

৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: পুরো একমত।
উনার ঐ লেখাটা আমি খুব মন দিয়ে পড়েছিলাম... মনে আছে। দারুণ একটা লেখা।

৯. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:৩২
মৃন্ময় আহমেদ বলেছেন:
ভিজে মাটির সোঁদা গন্ধ বড্ড টানছে আমায়
মা ও মাটির সন্তান কংক্রিটের উঠোন দেখে-
বৃষ্টিস্নাত ঘরবাড়ি, ভেজা শুকনো গাছগাছালি
এই পরবাস মন্দ কিছু নয়,
শুধু কিছু কাঙালপনা থাকে

বছরের প্রথম ভিজিনি এমন ঘটনা ঘটেনি। এই প্রথম বৃষ্টি হতে দূরে... দেশে থাকলে অবশ্যই ভিজতাম..ইচ্ছেমতন... শিলা হাতে ঢিল ছুঁড়তাম.. ছাদে... রাস্তায়...

পুরাতন একটা ছবি ছিলো... দেশের.. আমি গাড়িতে...

৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: ছবিটা বেশ লাগছে। "গাড়িতে বাড়ির ছায়া"। মনে হচ্ছে কোন ইন্সুরেন্স কম্পানীর কমার্শিয়াল ;).... তবে সুন্দর হয়েছে।
আজকের শিলা বৃষ্টিতে ভিজলে সিরিয়াসলি আস্ত মাথা নিয়ে বাড়ি ফিরতে পারতেন না :)

১০. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৩:০৫
মুক্ত বয়ান বলেছেন: আপনে আসেন না ক্যান!! আর, এইটা কোন কাজ করলেন?? কয়েকজনের পোস্টে ঘুইরা আসলেন আর মন্তব্য করলেন না!! :(
আফসুস.. এই অভিযাগে আজ শিলা বৃষ্টির দুইটা শিলা আপনার দিকে মারা হইল!! গায়ে আমার দোষ নাই!!! ;)

[অ:ট: বৃষ্টি হইলেই মুড অফ করে ফেলতে হবে?? :(]
৩০ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: মন্তব্য করতে সাহস হয় না, মনে হয় চিনতে পারবে তো? :(
ছোট দেখে শিলা নেন ভাই, মাথা ফাটায় দিলে বিপদ হবে!
[অ:ট: আজকে তো মুড অন। অফ কই পেলেন? মুড অন দেখেই পোস্ট দিলাম একটা..:)]

১১. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৩:১৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
জানো কত দুরে আছি........
তবু বৃষ্টি আজ আমাকেও ছুঁয়েছে............তোমাদের সাথে.......
খুব ভালোলাগা লেখা।
মন ছুঁয়ে গেলো......

ভালোলাগছে ভাবতে বৃষ্টি তোমাকে অনেকদিন পর লেখায় ফিরালো।
লিখতে থাকো নাহলে বৃষ্টির অভিমান হবে।
ভালো থেকো।
অনেক শুভেচ্ছা।
৩০ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৮

লেখক বলেছেন: বৃষ্টির অভিমান? উমম... হলে হোক, সে বেচারীর তো সব সময় এমনিতেই অভিমান লেগেই থাকে! আমার আসলেই ভালো লাগছে এতদিন পর ব্লগে ফিরে...
কমেন্ট পেয়েও দারুণ লাগছে.... একটু নতুন নতুন অনুভূতি হচ্ছে!!!
আপনাকেও শুভেচ্ছা, আপু।

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:২৮

লেখক বলেছেন: :)...
ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:২৮

লেখক বলেছেন: এত ছোট কথায় অনেক বেশি প্রশংসা করে ফেললেন। আপনার কমেন্টকেও "বাহ!" দিলাম।

১৩. ৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৫৭
শূন্য আরণ্যক বলেছেন: খুব ভালো লেগেছে লেখাটা ..

বৃষ্টির বিষন্নতাটা আর ব্লগের পুরোনোদের মিস করার ব্যাপারটা অনেক ভালো ভাবে এসেছে ;

+
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ আরণ্যক। শূন্যটুকু কেটে ডাকলাম।
আসলেও মিস করি...

১৪. ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:০৪
নির্ঝরিনী বলেছেন: আপনার লেখাটা পড়ে, দেশ থেকে বহুদুরে থাকলেও, দেশের মনসুন রেইন খানিকটা অনুভব করলাম।

ভালো লাগলো আপনার লেখাটা।
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ। দেশে থাকলে আরো উপভোগ করতে পারতেন।

১৫. ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০১
শাওন বলেছেন: ঠিক করলা না কাজটা । লেখা ঠেকা দিয়ে আমারে বলছো একবার বললা না ।
পড়লাম । অনেকদিন পর পড়লাম । পুরান স্বাদ পেলাম ।
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: থ্যাংকু। আসলেও ঠিক করি নাই :(...
তবে তুমি কিন্তু আসলেও জানাতে পারতে...

১৬. ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৫
ফারহান দাউদ বলেছেন: বাহ! বাহ! (বেশি প্রশংসা দিয়ে লেখাটা নষ্ট করতে চাই না)
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: বাস্তবিকই, আপনার প্রশংসাটা একটু বেশিই মনে হইতেছে .... :D আপনি তো নুশেরার ডাবল দিলেন।
ফুলে গেলাম!

১৭. ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৭
ফারহান দাউদ বলেছেন: শিরোনামটাও ইউনিক।
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: শিরোনাম নিয়েই ইকটু ইয়েতে ছিলাম, প্রশংসা করলেন দেখে বুঝতেসি খারাপ হয় নাই ততটা...

১৮. ৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
ফারহান দাউদ বলেছেন: ফুলার কিছু নাই,ভাল রে ভালো আর খারাপরে খারাপ বলার অভ্যাস করা উচিত:)
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: :)... সুন্দর বলেছেন.. তবে খারাপ হলেও তো লোকে ভদ্রতা করে ভালো বলে। আমি ভাবলাম সেটাই করলেন কিনা। অবশ্য বিশ্বাস করিতেছি আপনার প্রশংসা (বিশ্বাস করতেই ভালো লাগিল :))

১৯. ৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:২০
শফিউল আলম ইমন বলেছেন: জোস লেখা দিছেন। কি ব্যাপার দেশে বিদেশে সবখানে কি একসাথে বৃষ্টি হইল নাকি?
আমার এখানে বৃষ্টি হইলে মেজাজ খারাপ হয়।:(
ভালো থাকুন
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: বৃষ্টি বেশিদিন হলে সবখানেই মেজাজ খারাপ হয় ভাই... তবে সিজনের প্রথম দিকের বৃষ্টি খুব সুইট :)... এই জন্যই লিখলাম। থ্যাংকস।

২০. ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২৯
ফ্রুলিংক্স বলেছেন: পুরনো অনেকের ব্লগের নাম ধরে ডেকে খুজে আসি নতুন কিছুর। কিন্তু সবই পুরনো অথবা ফকফকা।

ইমন ভাইয়ের সাথে একমত। এখানে বৃষ্টি হলে মেজাজ খারাপ হয়। এই মাইনাস তাপমাত্রায় শিলা-বৃষ্টি।
রাতে বৃষ্টিতে ড্রাইভ করতে গিয়ে পেছন থেকে কতো যে পে পো হর্ন খেতে হয়:(। তবে দেশের বৃষ্টি সত্যি অসাধারন। রেকর্ড পরিমান ভিজেছি।

নুশেরা বলেছেন: বাহ্!
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: আমিও তো দেখছি, পুরনোরা ততটা লেখেননি, আমি একা না তাহলে না-লেখাদের দলে।
রাতের বৃষ্টিতে ড্রাইভ, আইডিয়াটা রোমান্টিক আছে!:)
::: নুশেরা কাজ একটা করেছেন, সবাই এখন "বাহ" বলতেসে... আমি মহাখুশি :):)

১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৮
ভাস্কর চৌধুরী বলেছেন:



মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়----------------------------------------------

২২ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আর দেরির শুভেচ্ছা।

২৩. ১৯ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:১৭
জলপাই দেশি বলেছেন: চমৎকার লেখা। +++++++++++++++
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৬
শাওন৩৫০৪ বলেছেন: (ব্লগে ফাইজলামি করতে করতে এই লেখাটা দেখে থমকে গেলাম...)...টাইপের কথাবার্তা কইতে কিরুম লাগে....
লেখাটা প্রিয়তে.....
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।:)

২৫. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩০
কোলাহল বলেছেন: বৃস্টি মুখর সেদিনের কথা বলছেন ! আসলেই ভীষন ভালো লেগেছিলো সেদিন।

আপনার লেখা পড়েও তেমনই ভালো লাগল।


"চিকনমিয়া বলেছেন: .... আফনের কিচু লেকা আচে ভালা লাগে "



ওগুলো পড়ার জন্যই আসি। লিখবেন নিয়মিত।
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩০

লেখক বলেছেন: চেষ্টা করব লিখতে।
ভালো থাকুন।

২৬. ০৫ ই মে, ২০০৯ সকাল ১১:৪৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

বহু দিন পর !!!! কেমন আছেন ?

নতুন লেখা কই ?
দ্রুত লেখা দিন.........।
১৫ ই মে, ২০০৯ ভোর ৪:১৯

লেখক বলেছেন: আপনিও বহুদিন পর :).......
লিখি না তেমন একটা। মাঝে মাঝে লিখি।
ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯৯০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যা+ইচ্ছা+তাই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই