শুদ্ধরূপে রাত্রি আসে ঈভ মায়াজাল
ভ্রূকুটিতে রাতের ছায়া হানলে তুমি
ক্রন্দসী রাত ভুলভাঙা ভোর
শরীরছায়ায় ত্রিলোক দেখি, দেখলে তুমি ।
বেজোড় জীবন - সৌখিন মেঘ রাত্রি আকাশ
নিদমহলে স্বয়ংবরের সরোদ বাজে
কষ্টমেখলা বুকজমিনে গুপ্তিচোখের মালা নিয়ে
অশ্রুরেখায় বসলে এসে চাতক তুমি;
চুপমেরে যায় ঝড়ের বাতাস
জলের তোড়ে কাটলে পলি বুকের পিয়াইন স্রোতস্বিনী
যেই বলেছি ‘দুঃখদহন’, দুরারোগ্য প্রেম
তখনি মুখ চেপে দেয়, নিসর্গনীল আকাশ নিয়ে
লন্ডভন্ড রোদছায়াতে মেঘ এসে যায় রঙবাহারী
আঁখিতারায় রোদ জ্বলে যায় - বুক নিবিড়ে সুখের মমি
ঐ পলকে বিরল প্রহর বাবুই নীড়ের রূপ বিনুনি
মুসাফিরের ঘরদোর আর জন্মাধিকার আমার তুমি
তোমায় আমি ঘুম পাড়াবো,
রাতলালনে তোমায় আমি
নামগানের এক সুর শোনাবো
ডাহুক কান্না দূরে ঠেলে কোমলাঙ্গী ভোর দেখাবো,
শুনিয়ে দেবো এক জীবনের মুহুর্মুহু প্রতিধ্বনি
শরীরছায়ায় ত্রিলোক দেখি, ভুলভাঙা ভোর দেখলে তুমি।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


