১।
পাঁচটা বেজে পঁয়ত্রিশ
কৃষ্ণচূড়ায় কাকের শীস
ত্রি সীমানায় নেই যে দেখা
রাত্রি জেগে পদ্য লেখা
যার স্মরণে; সে-ই ছোঁড়ে তীর প্রতীক্ষার !
জানি পদ্য রোগের প্রতীকার
স্বপ্নলীনা জানেই না
এইটুকুও বোঝেনা,
খুব ছোঁয়াচে এই রোগটা
- সর্বনাশী
- সর্বগ্রাসী ।
বাচ্চা মেয়ে মানেই না,
রোগটা ওকে বাঁধিয়ে দিয়ে
আমিও যে বলতে পারি
খা ! মেয়ে,
দুঃশ্চিন্তা খা !!
২।
স্বপ্নেরা সুন্দর
আকাশের নীল
তোমায় আমায় মিলে
জীবন অমিল
স্বপ্ন তো স্বপ্নই
কাছে আসে কৈ
জীবনের গুন টানি
হাল ধরে রই -
দখিনা হাওয়ায়
আর প্রাণ নাচে না
জীবনের ক্যানভাসে
রঙ জমে না
স্বপ্নেরা ঘুমে আসে
আর চলে যায়
টের পাই - পিছু নেয়
আমার ছায়ায় ।
৩।
আমার তূনের শায়কগুলো
অব্যর্থ শুধু ব্যর্থতায়
তোমার মত নিশ্চিত নয়
আমার ছোঁড়া দৃষ্টি তীর ।
তোমার আছে রক্ত গোলাপ
তোমার দু'চোখ আরতির
আমার কিছু শপথ ছিল
চোখে ছবি চিতাগ্নির ।
দিয়েছিলাম তোমায় আমি
রঙবাহারি স্বপ্নাবীর
তার বদলে গান শোনালে
ফসলহীনা পৃথিবীর ।
৪।
আড্ডাটা জমতেই
দুম করে প্রশ্নটা করি-
হান্ড্রেড পার্সেন্ট চাইতে পেরেই যদি থাকি,
-পাবো?
ইয়ে মানে, কেউ যদি পারে
-পাবে?
'আবে দার্শনিক!
জিলিপি ছেড়ে মসৃন সন্দেশ দে...'
বন্ধুরা সস্তা খোঁচা মারে ।
ধুত্তোর, যত্তসব থার্ডক্লাস ক্যাটাগরি
বলে ছাই বাড়ি চলে আসি।
বাড়িটাই নিরাপদ আশ্রয়
তবু ছাই ভাল্লাগে না ।
টি ভি'র রঙীন স্ক্রিনে মন্ত্রমুগ্ধ
দিন-রাত ছোট ভাই-বোন ।
রুমে ঢুকতেই বলে,
'দ্যাখ দাদা! ম্যাডোনা!!'
- টি ভি টা বন্ধ করি
অঞ্জনের মতো করে বলতে পারি না
'টি ভি দেখো না ।'
রুমে এসে সিডি-টা হাতের কাছেই পাই
আড্ডার প্রশ্নটা গানেই শুনতে চাই
ফ্যাভারিট সুমনের - 'তোমাকে চাই' ।
উফ, দারুন গরম পড়েছে কাল থেকে
ফ্যান ছেড়ে দিয়ে
সিগারেটে মার সুখটান...
মাত্রতো আর ক'টা দিন
এরপর দু'আঙ্গুলে
বেনসন কিং
'চাইনিজ বারে চাউমিন'...
ধ্যাত ! লোডশেডিং !!
৫।
এমন হলে কেমন হোত?
এমনতর প্রশ্ন আছে বলেই না নীল কষ্ট আছে
অনেক রকম ভাবনা আছে
উৎস কোথায়
কারণ টা কী
- উত্তর নেই ।
মস্তিষ্কে লক্ষ স্নায়ুর
সূক্ষ্ম জটিল প্রশ্ন আছে ।
সূর্য স্নাতা বাদাম রঙা রমনীরও
হরেক রকম কষ্ট আছে
সুদর্শন বৈমানিক
সুজয় সেনের মনের কোনে
ডানা ভাঙ্গার কান্না আছে
খুব ব্রিলিয়ান্ট অভীরূপের
জীবন নামের পরীক্ষাতে গোল্লা পাওয়ার ঝুঁকি আছে
আই, আর, এস বাবলী সেনের পরাজ়য়ের গ্লানি আছে
প্রকৃতিরও এমনতর অনেকরকম বিধান আছে
সবমিলিয়ে শীতের শেষে একটু একটু হাসি আছে
বসন্তটা না পেরোতেই কষ্ট আছে, কান্না আছে
-তাই ভাবনা আছে ।
যোগ্যতম খুঁজছে সবাই,
সমাপ্তিটা সুখের হবে বলেই না বেশ
যোগ্য হওয়ার ধুম লেগেছে ।
শেষের দিকের রাস্তা দিয়েই দুঃখ গেছে -
অমিত আর লাবণ্যও সমাপ্তিতে খোঁজ পেয়েছে
শেষের দিকের রাস্তাটাতেই আঁধার আছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


