একদল মানুষ আছেন যারা বুক ফুলিয়ে আত্মতৃপ্তির সাথে ঘোষণা করেন, আমি কোন ধরণের রাজনীতির সাথে জড়িতও নই, রাজনীতি পছন্দও করিনা। রাজনীতি খারাপ, রাজনীতিকরাও খারাপ। আবার ছাত্র অঙ্গণে, যে যত ভাল ও মেধাবী ছাত্র, এ বিশ্বাস তার মনে তত শক্ত ও পোক্ত হয়ে দেখা দিয়েছে। সমাজের একটি বিশাল অংশের মানুষের মনে এ ধারণা কঠিন শিকড় গেড়েছে। প্রকৃতপক্ষে বিষয়টি আমাদের জন্য কতটুকু কল্যাণকর?
আপনি রাজনীতি করেননা, রাজনীতি পছন্দও করেননা। ভাল কথা। কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনার জীবন পরিচালিত হচ্ছে রাজনীতিকদের কথামত? রাষ্ট্র চালায় রাজনীতিকরা, রাষ্ট্রের বিধিবিধান তৈরী ও প্রয়োগ করে রাজনীতিবিদরা, সমাজের গতিপ্রকৃতি ও ধারা বাতলে দেয় রাজনীতিবিদরা। আমাদের সংস্কৃতি কি হবে, আমাদের মূল্যবোধ কি হবে, আমাদের শিক্ষাব্যাবস্থা কি হবে, আমাদের ব্যাবসা-বাণিজ্য কোন নিয়মে পরিচালিত হবে, আমরা কাকে ঘৃণা করবো, কাকে শ্রদ্ধা করবো- এ সব কিছু নির্ধারণ করে দেয় রাষ্ট্র। আর রাষ্ট্রের পেছনে থাকে রাজনীতিবীদরা তথা গণপ্রতিনিধীরা। আপনি অতি বুদ্ধিমান ও দূরদর্শী তাই সযত্নে রাজনীতি এড়িয়ে চলেন, আপনি আসলে সমাজ রাষ্ট্র ও মনবতার জন্য কতটুকু উপকারী?
যেহেতু চুড়ান্তভাবে রাজনীতিবিদদের দ্বারাই আমরা নিয়ন্ত্রিত হই, পরিচালিত হই, তাই রাজনীতি বিমুখতা আমাদের জন্য কোন সমাধান নয়। আপনি যদি প্রকৃতই দেশ ও সমাজের জন্য চিন্তাক্লিষ্ট হন, কিছু করতে চান, আপনাকে রাজনীতিকে এড়িয়ে কিছু করা সম্ভব নয়। আপনি হয়তো বলবেন- "আমাদের দেশের রাজনীতি তো নোংরা হয়ে গিয়েছে।" হ্যা নোংরা হয়ে গিয়েছে, কিন্তু আপনি পায়ে কাদা না লাগিয়ে ওকে শুদ্ধ করবেন কিভাবে? পাড়ে বসে নাকে রুমাল চেপে থাকলে আপনা আপনি তো তা পরিষ্কার হয়ে যাবেনা।
সৎ ও আদর্শবান ব্যাক্তিদের রাজনীতিতে নামতে হবে, রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে, অতপর দেশকে সুন্দর নেতৃত্ব দিতে হবে। তবেই দেশের জন্য সর্বাধিক কল্যাণকর কাজটি করা যাবে। সারা জীবন গরিবদের সেবা করে যে কাজটি না করতে পারবেন, মন্ত্রী হয়ে গরীবদের জন্য একটি নীতি তৈরী করে তার চেয়ে বেশি করতে পারবেন। সারা জীবন উপদেশ দিয়ে সমাজে যতটুকু পরিশুদ্ধি আনতে পারবেন, একটি মাত্র অধ্যাদেশ জারি করে তার চেয়ে বেশি উপকার করতে পারবেন। তাই আপানাকেই ভাবতে হবে, দেশ ও মানবাতার কল্যাণের জন্য আপনার শ্রম কোন পথে ব্যয় করবেন।
তাই আপনাকে রাজনীতিতে আমন্ত্রণ। প্রথমেই দেখুন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দলটি সর্বাধিক শুদ্ধ সেটির সাথে যোগ দিন, আপনার ছোয়ায় সে দলটি হয়তো আরো শুদ্ধ হবে। যদি মনে করেন শুদ্ধ কোন দল নেই, তবে নিজেই একটি দল গঠন করুন। আপনার মত ভাল লোকগুলোকে আহ্বান করুন। দেশ ও মানবাতার জন্য আপনার দায়বদ্ধতা থেকে তবেই মুক্তি পাবেন।
কথাগুলো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। ভাল থাকুন সকলে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৮ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




