
১.
সূর্য
এখন তপ্তদুপুর।
এই দুপুরে আমি মোমের মতো গলে যাচ্ছি তোমার ভেতরে। তোমার আশেপাশে ভূমিকম্প অথবা অগ্ন্যুৎপাত হয়ে গেছে বোধহয় একটু আগে। অন্য সব অতিপ্রাকৃত শক্তি কিংবা গ্রীক পুরানের ঈশ্বরদের মতো তোমারও অনেক তেজ। এখন কি ততোটাই দুপুর যখন তুমি আর হাসছ না অথবা তোমার চোখে ভয়ানক ক্লান্তি জমেছে?
তুমি নেই বলে এখন আর বিকেল হয়না। মাঝ দুপুরের পরেই ঝুপ করে নেমে আসে গভীর কালো রাত।
তপ্ত দুপুর। সূর্যের সাথে এখন আমার দূরত্ব সাড়ে তিন হাত। আরেকটু পরেই নামবে অন্ধকার।
২.
ফেরারি পাখির গল্প
এই সেই ঘর।
ধুলো জমেছে তার এই শরীরে। লাল, নীল ঝিকঝিকে মাকড়সার জাল চুপিসারে বাসর সাজিয়েছে। ঘরের কোনার একদৃষ্টিতে চেয়ে থাকা টিকটিকিটা জিভ বের করে একটু আনন্দ করলো বোধহয়। আমার প্রিয় ঘর। এই ঘরে আটকা পড়ে আছে আমার বয়স। স্মৃতিরা খেলা করে চলেছে আনাচে কানাচে। জানালার ভাঙ্গা কাঁচে লেগে আছে তোমার ছায়া। ছবির দেয়ালে শেওলা জমেছে। আমি আবার ফিরে এসেছি আমার ডেরায়, আমার কবরে। শরীরটা শুধু টেনে নিয়ে যাওয়া বাকি এখন আমার প্রিয় ছেঁড়া বিছানায়। আজ আমি অঘোরে ঘুমাবো। দুটি-চারটি জোনাকি ঠিকই চলে আসবে রাত্রির মধ্য প্রহরে।
যৌবন থেমে আছে দীর্ঘ শেওলা ধরা দেয়ালে।
৩.
কাছের মানুষ
হাসপাতালের বার্ন ইউনিট। অথবা পুড়ে যাওয়া মানুষদের ঘর। বাতাসে পচা চামড়া আর রক্ত মাংসের গন্ধ ভাসে। ডান পাশে চাদরের নিচে দুটো শরীর। দগদগে ঘা আর কয়লা হয়ে যাওয়া এক স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে আছে এক স্ত্রী। যেন যেতে দিবে না কোথাও। স্ত্রীর পরম নির্ভরতায় আঁকড়ে ধরা মানুষটি অপেক্ষা করে আছে কোন অজানা পথের। সামনের চাদরে ঢাকা মানুষ দুটি তাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমি তখন মনের গভীরে ভালোবাসার এক শ্রেষ্ঠ নিদর্শনের ছবি একে চলেছি। কাছের মানুষ কাকে বলে, আমি এখন জানি।
এখানের মেঝেতে আমার ছায়া নেই।
৪.
তারাদের কথা
ঘুণে ধরা টেবিলে অজস্র ছেঁড়া কাগজ। ধুলোয় ঢাকা পড়ে থাকা কাগজে লুকিয়ে আছে ম্লান হয়ে যাওয়া কিছু আনন্দ বেদনার কাব্য। মুখরিত জীবনের কোলাহল গুলি আজও বাতাসে ভাসে। আমি আবার ফিরে আসি আমার আস্তানায়। ভাঙ্গা জানালার শিক এর ফাক থেকে দেখা যায় ছোট্ট একটু আকাশ, আর টুকরো টুকরো মেঘ। কষ্টগুলো জমাট বেধে বড্ড বেশি কালো হয়ে আছে। শুধু অস্তিত্বের গভীরে বেচে থাকে কিছু প্রিয় মুখ।
রাত্রি মধ্যপ্রহর। দুটো-চারটি জোনাকি চলে এসেছে। আমার আর ঘুম আসেনা। হাজার হাজার বছর ধরে জ্বলে যাওয়া তারাগুলি অপেক্ষা করে থাকে গল্প শোনার জন্য। আমি তাদের কাছে তোমাদের গল্প করে চলি রাতের পর রাত।
আমার গল্প আর শেষ হয়না।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



