ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ২১ ও ২২ আগস্ট বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ভাঙচুরে ছাত্রশিবির, ছাত্রলীগ ও ছাত্রদল নেতা-কর্মী ও কিছু বহিরাগত জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
একই সময়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই দলের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক সুভাষ বাদী হয়ে সোমবার এ মামলা করেন।
বরিশাল কোতোয়ালি থানার পুলিশ জানায়, বিএম কলেজের ঘটনায় গত শনিবার থেকে পুলিশ মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছে। এ ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের পাশাপাশি ভিডিও ফুটেজ, স্থির চিত্র, এমনকি মোবাইল ক্যামেরায় তোলা ছবি সংগ্রহ করা হচ্ছে।
পুলিশের দায়িত্বশীল একটি সুত্র দাবি করে, প্রথম দিনের ঘটনার সঙ্গে ছাত্রশিবির কর্মীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। কেননা আগের দিন ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরের দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীসহ কিছু সাধারণ ছাত্র তাদের সঙ্গে যোগ দেন। তবে দ্বিতীয় দিনের হামলায় ছাত্রশিবির, ছাত্রলীগ ও ছাত্রদলের কিছু বহিরাগত নেতা-কর্মীও জড়িত ছিলেন। কলেজের কয়েকজন শিক্ষকের আচরণও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হন এবং দোষীরা যাতে রেহাই না পান সেভাবেই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, যুগ্ম সম্পাদক আশাদুল হক বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার আলি হোসেন, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিক, যুবদলের নেতা নাজমুল হক স্বপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ সারোয়ার রোমান, কলেজ ছাত্রলীগের নেতা সাহাবুল ও বিপ্লব, ছাত্রদল নেতা তারেক ও অনিকের নাম উল্লেখ করে ২০ জনকে আসামি করা হয়। এদের মধ্যে প্রথম ছয়জনকে ২৩ আগস্ট রাতে আটক করা হয়। বাকিরা পলাতক রয়েছেন।
।। প্রথম আলো : ২৯.০৮.২০০৭ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



