আজ এস.এস.সি পরীক্ষা। আমার এক কলিগের ছেলে ফোনে দোয়া চাইল। আরে ! আমি মুরুব্বি হয়ে গেছি!! আমার কাছে এসএসসি পরীক্ষার্থী দোয়া চাইছে। তাইতো ২৫ বছর হয়ে গেছে !!!! মুরুব্বি তো হয়ে গেছিই।
আমিও তো সেই ১৯৮৫ সালে আব্বার অফিসে গিয়েছিলাম এসএসসি'র প্রথম পরীক্ষার দিন ভোর সবার দোয়া চাইতে। অনেক, অনেক কিছু মনে পড়ে গেছে। কিন্তু ২৫ বছর তো মনে হয় না - মনে হয় এই সেইদিন আম্মাকে বলে বাসা থেকে বেরিয়েছি; আব্বার অফিস হয়ে স্কুলে যাব; স্যার-ম্যাডামদের বলে আমরা সব পরীক্ষার্থী একসাথে এয়ারফোর্সের বাসে করে চট্টগ্রামের মিউনিসিপালিটি স্কুলে যাব পরীক্ষা দিতে। আমি একটু কনফিউজড ঐটা কি মিউনিসিপালিটি স্কুল ছিল? চট্টগ্রাম নিউ মার্কেট সংলগ্ন উত্তরপাশে স্কুলটা তো মিউনিসিপালিটি স্কুলই ছিল।
গত বছর মে মাসে আমরা তিন ভাই-বোন স্বপরিবারে আমাদের পুরনো স্কুল ক্যাম্পাস বিএএফ শাহীন চট্টগ্রাম দেখতে গিয়েছিলাম। আমরা তিনজনই এই স্কুল থেকে এসএসসি পাস করেছি। আমি এইচএসসিও করেছি।
এখানে নাকি এখন দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া হয়। বাকি অংশ চলে গেছে নতুন ক্যাম্পাসে। সেটাও সুন্দর। কিন্তু আমাদের তিন ভাই-বোনের সুখ স্মৃতি তো পড়ে আছে এই ক্যাম্পাসে। এখনো কিছু পুরনো স্যার-ম্যাডাম [মহিউদ্দিন স্যার, ফারুকী স্যার, সাইদ স্যার, শুমসুন্নাহার ম্যাডাম, দিলরুবা ম্যাডাম] এখনো আছেন। শাহনাজ ম্যাডাম, আবুল স্যার, রশিদ স্যার, ভিপি ম্যাডাম, বড়ৃয়া স্যার, মনোয়ার স্যার, জালাল ম্যাডাম - ওনারা অবসর নিয়েছেন। সবার কথা মনে পড়ে গেছে। তাদের কেউ কেউ তখন বয়সে আমার চেয়েও তরুন ছিলেন। কয়েকজন তো সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করে যোগদান করেছিলেন।
মনে পড়ে গেছে কলনীর সেই পুরনো বাসা ৯১/১ যেখান থেকে ভোরে বেরিয়েছিলাম। কি সেই উত্তেজনা তখন!!! মনে হচ্ছিল আমি যেন আলেকজান্ডার দেশ জয়ে বেরিয়েছি আমার ঢাল-তলোয়ার [কলম-ঘড়ি-প্রবেশপত্র, ইত্যাদি] সবাই ঠিক করে দিচ্ছে। এক মহা হিরো আমি তখন।
এই বিল্ডিংয়ের বা পাশের নিচতলাতে আমরা থাকতাম। এই ছবি দেখলে এখনো ভিতরে চিন চিন করে উঠে।
আমি "প্রিয় চট্টগ্রাম -১" নামে একটা পোস্ট লিখেছিলাম। ভেবেছিলাম "প্রিয় চট্টগ্রাম - ২" তে এগুলো এগুলো নিয়ে লিখব। এই ছেলে আজ ফোনে দোয়া না চাইলে হয়ত আজকে এই লেখা আর লেখা হোত না।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



