শুধু একবার ছোঁব তোমাকে
কলঙ্কপূর্ণ জীবনী লেখা থামবে অতঃপর।
আমার হাতে নখে মুখে চোখে চুলে, রোমে রোমে
জমেছে বিস্তর পাপ - রাশি রাশি পাপ
আমার ঢেকুরে উঠে আসে পাপের কটা আস্বাদ
কলঙ্ক আর কণ্টকে জর্জরিত আমি
গলিত কুষ্টরোগীর মত বদলে গেছি
আপন লাবণ্য হতে-
পাথর জমা অন্ধ দু'চোখে
তবু চিনেছি তোমাকে পরিত্রাণকারী
শুধু একবার ছোঁব তোমার মুখ
অতঃপর নিঃকলঙ্ক হবো, নারী।
উৎসর্গঃ
হায়......! তুমি জানলেও না কোনদিন
কতগুলি মেঘলা দুপুর আর বেলী ফুলের সৌরভ
তুলে রেখেছি তোমার জন্য!
হায় .....!
তুমি জানবে না কখনো, চৈত্রের রাঙা আকাশে
আমি ভালোবাসার কবিতা লিখে
তোমাকেই করেছি উৎসর্গ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




