পরিযায়ী জন্ম পার হয়ে এসে হরপ্পার পুরুষ আদল
এখনো টোটেম যেন । শরীরী উষ্ণতা চায় ফের।
সেমত আগুন ঠিক,উথাল-পাতাল আশ্লেষের
ফুঁসে ওঠা ধোঁয়া আর ঝড়ো এক হাওয়ার দঙ্গল।
জিন আর ক্রমোজমে জমে পাপ, রিরংসার লোল
জিহ্বা লাফায় কেবলি-ছলাকলা আশ্লেষের স্বেদ
কে জানে কখন হবে রঙ্গলীলা বিভঙ্গের ভেদ
কামের ভেতরে লীলা,সৃষ্টিমূল অথবা বর্তুল ।
এমত কামের রেণু ডিম্বানু ও শুক্রকীট যোগ
সঘন উষ্ণতা ঘিরে অস্থিমজ্জা নারীত্ব-পৌরুষ
শেখায় প্রেমের ভাষা-শীৎকারের অনন্ত জৌলুস
তুমি তাকে কি বলো- রিরংসা, রিপু,অথবা সম্ভোগ?
আশ্লেষে শীৎকারে যদি সৃষ্টিধারা জীবনের শুরু
অন্য এক মানে নিয়ে জিজীবিষা কেবল অগুরু ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


