গত কয়েকদিন আগেও আমার প্রিয় একজন মানুষের নাম জানতাম নিষিক্ত ভ্রূণ। নাম বিষয়ক প্রায় তিন যুগ পূর্বের এক বিতর্কের পরে যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছিল। অবশ্য সূত্রপাত্র ব্লগ থেকেই। ইচ্ছেমত নিক নেয়ার সুবিধা থাকায় মানুষগুলোর পরিচয় হয়ে উঠেছিল অভিনব। যেমন কেউ জানোয়ার স্বভাবের মানুষদের ব্যঙ্গ করতে গিয়ে নিক নিয়েছিল জানোয়ার। পরে তার মিডিয়া পরিচিতিই হয়ে গেল জানোয়ার রূপে। বিখ্যাত সেই ব্লগারকে ২০১২ সালের শ্রেষ্ঠ ব্লগার এওয়ার্ড প্রদানের জন্য জানোয়ার নামেই মঞ্চে ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক সরকার না থাকায় জানোয়ার এভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছিল, প্রতিবাদ করার কেউ ছিল না। অবশ্য পরবর্তীতে এক সংঘাতপূর্ণ সময় পেড়িয়েছে বাংলাদেশ। পরিশেষে বিজয় হয়েছিল জানোয়ারের।
পরবর্তীতে দেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যন্ত হয়েছিল অদ্ভুত নামধারীরা। যেমন প্রধান উপদেষ্টার নাম ছিল পশ্চাতদেশে লাথি, প্রধান বিচারপতি হয়েছিল বিচারকের বুজরকি। কারণ অবশ্য আছে। এরা এইসব অদ্ভুত নিক নিয়ে প্রচলিত শাষণ ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে এত কঠোর সমালোচনা এবং সেই সাথে এত এত নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছিলেন যে নিকধারীরা জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান। একসময় তারা ক্ষমতায় অধিষ্ঠিতও হয়ে যান। অবশ্য এ নিয়ে প্রায় দশ-বছরব্যাপী (২০১৫-২০২৫) রেস্টোরিং নেম নামে একটা গৃহযুদ্ধ সংগঠিত হয়েছিল। আজও যা ইতিহাসের পাতায় রোস্টোরেশন এরা নামে পরিচিত।
তবে আমার বন্ধু নিষিক্ত ভ্রুণ যে কারণে নাম পরিবর্তন করলেন সেটা একদমই ভিন্ন প্রেক্ষাপট। কিছুদিন যাবতই শুনছিলাম দেশি-বিদেশি কোম্পানীগুলো এখন থেকে ব্যক্তি বিশেষকেও স্পন্সর করবে। তাদের পুরো হিউম্যান বডি হয়ে যাবে এক একটা লাইভ বিজ্ঞাপন। যেমন স্কুল মাস্টার প্রার্থিত কুসুম কে এখন থেকে স্কুলে যাতায়তের খরচ স্পন্সর করেছে গ্রামীন কোম্পানী। সেটা নিয়ে প্রতিবেদন প্রচার করে এনটিভি। এমন হাজারো পদ্ধতিতে স্পন্সরের চরিত্র ও মানুষের খবর ইতিমধ্যে আপনার ভালোভাবেই জেনে গেছেন মিডিয়া কল্যাণে। কিন্তু এটা শুনেছেন কি কোম্পানীগুলো এখন নামও স্পন্সর করা শুরু করেছে? যেমন হারপিক কোম্পানী নিষিক্ত ভ্রুণের সাথে পাঁচ লাখ টাকার চুক্তি সাক্ষর করেছে। এক বৎসর সে হারপিক নামে পরিচিত হবে। তবে যেটা ইদানিং শুনছি, তা আরো ভয়াবহ। নবজাতকদের নাম গ্রামীনের নতুন প্রোডাক্ট ডোরবেল এর নামে রাখার জন্য নাকি প্রায় ১০০ কোটি টাকার প্রজেক্ট চালু হতে যাচ্ছে শীঘ্রই।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


