জলাধারে শৈবালের নৃত্য ছিল
ছলকানো পাড়ের অংশত ভাঙনের দিক-দক্ষিণাতে
পুরোটাই ঘাসের পাহাড়
পিচ্ছিল আলেয়ার মাঝে রাত-ঘুম গড়ানো দশমী চাঁদের
ঠিক পেছনে প্রায়াত মুখের সাতষট্টি গয়নার পসরা
বহুকাল ধরে এই জলধ অভিসারে রূপসীর স্নান
মাঝরাতে দীঘির মাঝে শাপলায় ভাসে
একাকী বিষন্ন মানবী ধুপধাপ হাঁটে
না ভেজা পায়ের নূপুর
বাজে খনখন
চারদিকের পাড় ঘিরে অযত্নের শুশ্রূষায়
পাতাল গ্রামের অধিবাসী জাগে শশ্মানের ঘাটে
বিদীর্ণ চোখে শেষ ক্ষণটুকু ঝলকায়
পাড়াসুদ্ধ বিরহে পুড়িয়ে শাপলার দেবী
দুর্গতিনাশিনীর তিথিতে
জলের মাঝে বিশ্রামের
শেষ নিশ্বাস ফেলে
জলাধারের বুকে ফেরে মিথের বায়োস্কোপ
এক টানে খুলে ফেলা বায়বীয় বস্ত্রের বাঁধন
স্বচ্ছ শরীরে ডুবে যাওয়া জ্যোৎস্নার রেশে
জলে ভেজা প্রধূমিতা উড়তেই থাকে চাঁদের কেবলায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


