ভিডিও ফোন এখনও চালু হয়নি বটে, তবে রাসেলকে ফোন করে যেন লাইভ দেখতে পেলাম পাঁচতলা থেকে একটা পানির বোতল উড়ে এসে পড়লো তার হাতে। তখন বলছিলো শুক্রবারের প্লান...কিন্তু বেরসিক জলবোতলের দেড় কেজি ওজনের পতনাঙ্ক কিঞ্চিত ফোনের সংলাপে ব্যতয় ঘটালো। বললো কেবল একটু হোল্ড করো।
তারবিহীন দৃশ্যধারকে দেখলাম রাসেল পতিত বোতলদেবকে মেপে গতি উৎসের সন্ধানে, পাঁচতলার রান্নাঘরের কপাট খোলা, রাধুঁনিদের ছায়া ঘুরছে আলোর প্রতিফলনে। সামনেই দারোয়ান - পাঁচ তলার কলিং বেল খুঁজতে তার শরনাপন্ন হলো।
পাঁচতলার কলিং বেল কোনটা? দারোয়ান দেখিয়ে দিল। জিজ্ঞেস করলো, কার কাছে যাবেন? রাসেল বললো, দেখেন ভাই, একটা বোতল ছুড়ে মারলো পাঁচতলা থেকে, রাস্তায় মানুষ জন তো মারা পড়বে এভাবে ফেললে!
দারোয়ান পরামর্শ দিলো তিন তালায় মালিকের বাসায় জানাতে। কলিং বেল চাপলো বাড়ীওয়ালারও। উপর থেকে আওয়াজ এলো, কে?
দেখেন ভাই, আপনার বাড়ীর পাঁচতলা থেকে বোতল ছুড়ে মারলো রাস্তায়, এভাবে যদি রাস্তায় ছুড়ে মারে লোকজন তো মারা পড়বে! আমার হাতে এসে পড়লো। আমি এখন কাকে জানাবো?
বাড়ীওয়ালার বাসা থেকে উত্তর দিলো গৃহপরিচারিকা, পাঁচতলায় বলেন।
তাই তো বলতে চাই...ততক্ষণে পাঁচতলা থেকে উঁকি দিলেন এক ভদ্রলোক। রাসেল চেচিয়ে বললো বোতলদেবের সড়কে অবতরণ ও পথিকদের বিপদশঙ্কুল পরিস্থিতির কথা।
ভদ্রলোক একটু দাড়াতে বলে নেমে এলেন। নেমে এসে অস্বীকারের ভঙ্গিতে বললেন, আমার বাসা থেকে তো ফেলার কথা না!
রাসেল বললো, বোতলটা কি আমি আপনাকে দেখাবো? আশেপাশে একমাত্র ঐ পাঁচতলার জানালা ছাড়া এই বোতল নিক্ষেপ করা সম্ভব না। সাথে দেখেন আরো কিছু আবর্জনাও।
ভদ্রলোক আমতা আমতা করতে থাকেন। রাসেল বলে, পাঁচতলার উপর থেকে ভরা একটা পানির বোতল অনেক ভয়ংকর বস্তু। কমপক্ষে দেড় কেজি ওজন হতে পারে। ভাগ্যিস আমার হাতে পড়েছে, বাচ্চাকাচ্চার মাথায় পড়লে কি অবস্থা হতো?
ভদ্রলোকের আসলে কিছু বলার নেই। রাসেলও আর কিছু বলার নেই। ভদ্রলোককে ঠিকআছে বলে আবার ফোনে সরব হয়। দেখলা বিষয়টা?
দেখলাম তো বটেই। সড়কলাগোয়া উঁচু ভবনের জানালা থেকে যত্রতত্র ময়লা উড়িয়ে দেবার প্রবণতা বাঙালির রক্তজাত। বোতলদেব পতনাঙ্কের গতির মত আমাদের নীতিবোধও ফুৎকারে উড়ে যায় - কিন্তু ক'জন একটু কষ্ট করে চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দেখায়? আমি যে দেখাই না তাই দেখলাম তারবিহীন ফোনের লাইভ টেলিকাস্টে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



