টিভির স্ক্রিনের দিকে তাকালেই চোখ ব্যাথা করে বলে গতকাল টি-২০ বিশ্বকাপের খেলা দেখি নাই। স্বাভাবিককারণেই সকালে পেপারে খুঁজেছি খেলার নিউজ। ফ্রন্টপেইজে টি-২০ এর নিউজ যেটা আছে সেটার শিরোনাম "মেন্ডিসকে বোঝে, সাধ্য কী নিউজিল্যান্ডের!"। একদম টাটকা একটা সংবাদের খোঁজে একজন পাঠক যখন পত্রিকার পাতা উল্টায় তখন এমন ফিচার ধর্মী টাইটেল জরুরী নিউজের জন্য বিরক্তিকর, বিভ্রান্তিমূলক বুঝতে কষ্ট হবার কথা নয়। আমার জানা দরকার নিউজিল্যান্ড-শ্রীলংকার খেলায় কে জিতেছে, কিভাবে জিতেছে। তদুপরি সাংবাদিক না হয়েও বিজনেস কমিউনিকশনের ভাষা নিয়ে পড়াশুনা করা আছে বলে বুঝতে পারি এমন অনেক রিডার আছেন যারা মেন্ডিস কোন দলের প্লেয়ার সেটা নাও জেনে থাকতে পারেন। যে তথ্যটার চাহিদা বেশী, সেই তথ্যটা দিতে হয় সরাসরি - পাঠক তখন জানতে চায় সর্বাগ্রে ফলাফল।
কিন্তু উৎপল শুভ্রের স্পোর্টস সাহিত্য ইদানিং এত বেশী খেলার পাতা জুরে যে আসল তথ্যটা খুঁজতে তার সবগুলো বাক্য মনযোগ দিয়ে পড়তে হবে। শিরোনামের অস্পষ্ট শব্দমালা বাদ দিয়ে খুঁজলাম নিউজের শরীরে। শুরু করেছেন এভাবে, "আ্যারন রেডমন্ডের মুখের সামনে দিয়ে ঘন্টায় ৯০ মাইল গতির বাউন্সার উড়ে গেল, মাঠের বড় পর্দায় ভেসে উঠল: ওয়েলকাম টু ট্রেন্ট ব্রিজ!
বুঝুন ঠ্যালা - নিউজিল্যান্ড-শ্রীলংকার খেলার ফলাফলের কোন স্পষ্ট চিন্থ এখানে নেই। শুধু এটুকু হলেও হতো, প্রথম পেজে যতটুকু লেখা আছে তার মধ্যেও কোথাও নেই। এজন্য যেতে হলো ১৯ তম পাতায়, যেখানে বাকীটুকু রয়েছে তিনকলামে, এবং ফলাফল দেখতে হবে আপনাকে তারও দ্বিতীয় কলামে।
চরম বিরক্তি নিয়ে উৎপল শুভ্রের মাত্রাতিরক্ত সাহিত্যপীড়ণে অতিষ্ঠ হয়ে খুঁজতে গেলাম ভারত-দক্ষিণ আফ্রিকার খেলার খবর। সেখানেও সেই একই রকম শিরোনাম, " সান্ত্বনাটুকুও জুটল না ভারতের" - সেই একই ধৈর্য্যের পরীক্ষা, ফলাফল জানার জন্যে তখন পাঠক রীতিমত উত্তেজিত। কিন্তু শিরোনাম ছেড়ে নিউজের শরীরে সেই অতিরিক্ত, অপ্রয়োজনীয়, বিরক্তিকর শব্দলিপির ছড়াছড়ি - প্রথম বাক্যটা দেখুন, " মহেন্দ্র সিং ধোনি এখন টানতে পারেন কদিন আগে শেষ হওয়া আইপিএলের টাটকা উদাহরণ" - তিনি এমন পাঠকদের নিউজটা দিচ্ছেন না যারা ফলাফল জানতে আগ্রহী, তিনি তাদেরকেই বলছেন যারা খেলাটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন এবং এখন ফলাফল জানার আর কোন আগ্রহ তাদের নেই। মানে তার নিউজ যারা পড়ছেন তারা মূলত সবাই খেলা দেখে থাকেন। দক্ষিণ আফ্রিকা কত রানে জিতেছে সেটা স্পষ্ট করে লেখা একেবারে শেষলাইনটাতে।
প্রচন্ড বিরক্তি নিয়ে অন্য নিউজগুলাতে চোখ বুলিয়ে গেলাম - এবং ইন্টারেস্টিং হচ্ছে প্রায় সব লেখাই এমন সাহিত্য-পীড়ণে অতিষ্ঠ করে ফেললো। যেমন "২০১১ বিশ্বকাপের ম্যাচ আবুধাবিতেও!" এই সংবাদটার শুরুটা এমন "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) একবার 'তামাশা' বলেছিলেন ইনজামাম-উল হক।" মানে আবুধাবিতে বিশ্বকাপ হবে কি হবে না এমন একটা সংবাদের দিকে পাঠকের মনযোগ কেমন হতে পারে সে সম্বন্ধে বিন্দুমাত্র সচেতনতা সংবাদদাতার নেই। পুরা স্পোটর্স পাতা জুড়ে এই একই চিত্র। সবসময় মনে হচ্ছিলো বেশীরভাগ সংবাদের রচয়িতা উৎপল শুভ্র এবং সবই ঐ একই বিভ্রান্তিপূর্ণ, হেয়ালীপনায় ভরপুর। জনগুরুত্বপূর্ণ সংবাদগুলো এভাবে তার নিজের অভিজ্ঞতায় রাঙিয়ে পরিবেশন নিঃসন্দেহে পাঠকের সাথে প্রতারণার শামিল। সংবাদকে প্রথমত পরিবেশন করুন তার আসল তথ্যসহ - তারপরে ফিচার লিখতে হলে লিখুন না ভিন্ন কোন কলামে - জায়গার কি খুবই সংকট পড়েছে উৎপল শুভ্রর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


