অবসরে শুনছে গান
ডাহুকের মত শিষ কেটেই
হাওয়ায় মিলায়
আধো আধো তাল, ছন্দ, বোল
’এলোমেলো বাতাসে উড়িয়েছি ...’
পুরোন সুর, কথা; তবু প্রিয় আজো ;
কিছু রজনীগন্ধা ভীষণ শুভ্রতায়
এখনও বড্ড তরতাজা
নকশা আঁকা চীনে ফুলদানিতে;
টেবিলে খোলা ’শেষের কবিতা’
সেই কবে পড়েছি প্রথম!
শুধু থামেনি বিমুগ্ধ বিশ্লেষণ;
জানালার পর্দাটা সরাতেই
খেলা করে তুলতুলে রোদ
ঠিক যেন শীতের সকাল
নাকি চিত্ত বেসামাল
এক ঝুম বৃষ্টির পরে
মাটির সোঁদা গন্ধে!
আজ নাকি ভরা পূণির্মা হবে
তারই আয়োজনে
দিনমান মত্ত সবে
আমিও বসে নেই
গেঁথে নিচ্ছি সন্তর্পণে
দাড়ি, কমাগুলো শব্দের বিনুনিতে
আরাম কেদারায় দিনলিপিনামাটা
জড়িয়ে রেখেছে পেন্সিল ;
আজ একটা কবিতা লিখব ...।
---------------------------------
গানের লিংক :
কবিতা পড়ার প্রহর এসেছে
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



