
তোমার কান্নার শিশিরে
কত কিছু যে সিক্ত হয়ে আছে... এইখানে,
আমি সেই ধুলোমাখা লোনাধরা প্রাচীন সংসারে প্রতিদিন
প্রতিটা কুঠুরি জুড়ে আলো-আঁধারির নরম ছায়ার মাঝে-
একা একা হেঁটে হেঁটে
রংচটা বিবর্ণ দেয়ালের প্রতিটা দীর্ঘশ্বাস
বার বার ছুঁয়ে ছুঁয়ে, এখনো যে প্রতিদিন তোমাকেই খুঁজি;
তার পরও দিনের শুরুতে, আগের মতো করে মিথ্যে মান-অভিমানে
অনেক দূরে কোথাও চলে যাবার পর, স্মৃতি কাতর এই আমার
ঘরে না ফিরে, আমার আর কোন উপায় থাকে না !
-মনে হয়, এখনো সেই আগেরই মতো প্রচণ্ড অপেক্ষায়
পুরনো সেই আটপৌরে শাড়ির ভাঁজে, আরো কিছু চোখের জল
ক্ষণে ক্ষণে লুকিয়ে রাখছ;
বার বার শুকিয়ে যাওয়া ছেঁড়া ফারা ভাঁজধরা লোনা সেই
রংচটা ক্লান্ত আঁচলে!
প্রতিবার আরো কিছু দীর্ঘশ্বাসে
থেকে থেকে ঘরছাড়া এই আমাকে ডাকছো
আবার সেখানে আগের মতো ফিরে যাবার জন্যে।
কবিতার ইংরেজি অনুবাদ দেখতে এইখানে আসুন
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



