তুলতুলে পুতুল গালে টোল ফেলে
তুমি তো কেবল হাসতেই থাকো
আর আমি... না, থাক বরং হাসিটাই দেখি
যদিও জানি, ভাঙন মানুষকে উদ্বাস্তু করে
তবু আমার ভাঙতেই ভালো লাগছে এখন
আমি ভেঙে পড়তে চাই চূর্ণ-বিচূর্ণ হয়ে
আর আমার আত্মার বিচূর্ণ দর্পণে
হাসুক তোমার পূর্ণ-শশী মুখ
তোমার হাসির বিদ্যুৎ চৌচির করে দিক
আমার বিষণ্ন একাকী আকাশ, বেদনার নীল
আমি খণ্ডে খণ্ডে খণ্ড-বিখণ্ড হয়ে
সানন্দে ধারণ করি তোমার অখণ্ড আনন্দ
সর্বাঙ্গে তরঙ্গ তুলে হয়ে যাই অনঙ্গ সারঙ্গী।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



