আমার পিতামহ এ ঘরটি বানিয়েছিলেন সাতচল্লিশের দেশ ভাগের পর
ঠুনকো,পলকা আর জোড়াতালিময়।
পিতামহ ভেবেছিলেন বেশ হলো,এমন ঝকঝকে আর রোদ-হাওয়ায় ভেজা
ঘরটি বড় দ্যুতিময়-মাঙ্গলিক আরাধনা আর রক্তের দাগ মাড়িয়ে
মাথা উঁচু করে আছে,যেন বুরুজ উঁকি মারছে আকাশে।
পিতামহ বুকে হাত রেখে বলতেন-অবশেষে হলো
আমাদের পৃথক,স্বাধীন ও সার্বভৌম একটি বাড়ি হলো
এ শুধু বাড়ি নয়,স্বপ্ন;
কাচের ঘর,কাচের জানালা-যেন একটি প্রিজম।
বায়ান্নের এক তপ্ত দুপুরে ঝাঁক ঝাঁক সীসার আঘাতে
আমাদের কাচের ঘরটি ভেঙ্গে গেলে
আমার পিতামহের স্বপ্ন-ঘোরও ভেঙ্গে ছত্রখান হয়ে গেল এধারে-ওধারে।
আমার পিতামহের মৃত্যুর বহু বছর পর আমরা আবার এই স্বপ্নকে জোড়া
দিয়েছিলাম আইকা,কাচ ও স্টিলের মিশেলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

