কুড়িগ্রাম
০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৮
কোনোদিন আমি যাইনি কুড়িগ্রাম।
রাত গভীর হ'লে আমাদের এই প্রচলিত ভূপৃষ্ঠ থেকে
ঘুমন্ত কুড়িগ্রাম ধীরে ধীরে আলগা হয়ে যায়।
অগ্রাহ্য করে সকল মাধ্যকর্ষণ।
তারপর তার ছোট রাজ্যপাট নিয়ে উড়ে উড়ে
চলে যায় দূর শূন্যলোকে।
আমরা তখন দেখি বসে বসে আকাশ কতো না নীল
ছোট গ্রাম আরো ছোট হয়ে যায় আকাশের মুখে তিল।
অনেকক্ষণ একা একা ভাসে নিখিল নভোভারতের রাজ্যে রাজ্যে।
দক্ষিণ আকাশে ঐ যে একনিষ্ঠ তারাটি
একসময় কুড়িগ্রাম তার পাশে গিয়ে চিহ্নিত করে তার অবস্থান।
তখন নতুন এই জ্যোতিষ্কের দেহ থেকে মৃদু মৃদু লালবাষ্প ঘ্রাণ ভেসে আসে।
সেই দেশে, কুড়িগ্রামে, ওরা মাছরাঙা আর পানকৌড়ি দুই বৈমাত্র ভাই
কুড়িগ্রামের সব নদী শান্ত হয়ে এলে
দুই ভাই নদীবুকে বাসা বাঁধে
স্ত্রীপুত্রকন্যাসহ তারা কলহ করে।
নদী শান্ত হয়ে এলে
শাস্ত্রবাক্যে বাঁধা যতো গৃহনারী
প্রাচীর ডিঙিয়ে এসে নদীকূলে করে ভিড়
প্রকান্ড স্ফটিকের মতো তারা সপ্রতিভ হয়।
হঠাৎ বয়নসূত্র ভুলে যাওয়া এক নিঃসঙ্গ বাবুই
ঝড়াহত বৃদ্ধ মাস্তুলে বসে
দুলতে দুলতে আসে ঐ স্বচ্ছ ইস্পাত-পাতের নদীজলে।
কুড়িগ্রাম, আহা কুড়িগ্রাম!
পৃথিবীর যে জায়গাটিতে কুড়িগ্রাম থাকে
এখন সেখানে নিঃস্বকালো গহ্বর।
কোনোনিদ আমি যাইন কুড়িগ্রাম
আহা, এ মরজীবন!
কোনোদিন যাওয়া হবে না কুড়িগ্রাম।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুজিব মেহদী বলেছেন:
চিরকালীন আপনার এই কবিতাটি। বাংলাসাহিত্যের সেরা কবিতাগুলোর একটি দিয়ে শুরু করায় সত্যি জোস লাগছে।সম্ভবত পরশুদিন আপনাকে সামহয়্যারইনে আবিষ্কার করি। তখন থেকেই আমি এক ধরনের উত্তেজনা বোধ করছিলাম। কিন্তু কোনো পোস্ট ছিল না বলে কথা বলতে পারি নি।
কেমন আছেন কবি মাসুদ খান? লেখালেখির অবস্থা কেমন?
এবার একে একে নতুন লেখা আসুক। মাঝে মাঝে নাহয় পুরনোগুলোও থাকবে।
সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
''কুড়িগ্রাম আমি যাইনি কোনদিন''ও বাহে, কুড়িগ্রাম যান নাই ? আসপার চান? আসপার চাইলে মোক
কন । মুই তোমাক নিয়া আসিম । টাউন-শহরত আখপার পাবারনো, কিন্তু গাও-গেরামে নিদ আসপার মতোন যাগা দিবার পাইম।
সামনের মাসোত মুইও যাইম । দ্যাখতে দ্যাখতে দ্যার বচ্চর হয়া গ্যাল ।
ভালো থাকেন বাহে ।
আফরোজা সোমা বলেছেন:
খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: আফরোজা সোমা,
ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো লিখে যাবেন।
তরু বলেছেন:
ভালো লাগলো বাহে।
প্রয়োজন রেজওয়ান বলেছেন:
সুন্দর হয়েছে।কিন্তু কুড়িগ্রাম নিয়ে লেখার কারনটা কি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
ওয়েলকাম।