আব্বু, আমি যে তোমাকে অনেক ভালোবাসি এটা কি কখনও বলেছি তোমাকে? না মনে পড়ছে না। বোধ হয় বলিনি।আজ বলছি,আমি তোমাকে অনেক ভালোবাসি।হয়তো নিজের চেয়েও বেশি।আজ আমি যেখানে তা শুধু তোমার জন্য।আমি ঋণী তোমার কাছে।ঋণী আমার জন্মের জন্য,ঋণী তোমার নিঃস্বার্থ আর নিঃশর্ত দানের জন্য।এ ঋণের শোধ দেয়া যায়না।মাছের মাথা খেতে পছন্দ করতাম বলে মায়ের চোখ এড়িয়ে ঠিকই প্লেটের এক পাশে রেখে দিতে আমার জন্য।কখনও কোনদিন সন্ধ্যায় খালি হাতে ফেরোনি তুমি।আমার পছন্দের সব খাবারই তোমার মুখস্থ।আজও স্পষ্ট মনে আছে, মোটরবাইক একসিডেন্ট করে অন্যের কাধেঁ ভর দি্যে বাসায় ফিরে সর্বপ্রথম আমাকে খুঁজেছিলে তুমি।বলতে,আমি নাকি তোমার "মা"!আমারও সব মান অভিমানের কারন ছিলে তুমি।তোমার একটু চোখ রাঙানি তেই আমার দুই চোখে গঙ্গা যমুনা বইতো।আজও বয়।আব্বু, তুমিই শিখিয়েছিলে,মেয়েরা শুধু রান্না করতে আর কেদেঁ কেটে শশুর বাড়ি যেতে জন্ম নেয় না।সুযোগ পেলে তারাও মাথা তুলে দাঁড়াতে পার।সেই আমার সব শিক্ষার বড় শিক্ষা।তুমি তোমার সব টুকু নিংড়ে দিয়েছো আমাকে।মনে আছে আব্বু, এস,এস,সি পরীক্ষার সময় খুব বেশি অসূস্থ হয়ে গেছিলাম,তুমি সারারাত আমার পাশে জেগে থাকতে?পরীক্ষার হলের গেটে তিন ঘন্টা ঠাই বসে থাকতে। কলেজে ভর্তি হওয়ার পর হস্টেলে উঠেছিলাম।অফিস থেকে ফেরার পথে আম্মুকে না জানিয়ে ছুটে যেতে উল্টো পথে,আমার হস্টেলে।হস্টেলে খেতে পারতাম না তাই কলেজ পর্যন্ত বদলে দিলে।আজও অদৃশ্য বট গাছের মত ছায়া দিচ্ছ,পাশে থেকে সাহস দিচ্ছ"এগিয়ে যা মা,মানুষ হ"।এসবের কি পরিমাপ করা যায় যে প্রতিদান দেব?!মাঝে মাঝে ভাবি আব্বু,তুমি যখন থাকবে না কি ভাবে বাচঁবো?!খুব কষ্টে কার মুখ মনে করে সান্তনা খুঁজবো?বাবা দিবসের শুভেচ্ছা জানানো হয়নি তোমাকে।লজ্জা লাগছিলো।আজ তাই চুপিচুপি শুভেচছা জানালাম।সাথে ভূপেন দা'র বিখ্যাত গানটির দুটি লাইন...
কাটেনা সময় যখন আর কিছুতে,বন্ধুর টেলিফোনে মন বসেনা
জানলার গ্রীল টাতে ঠেকাই মাথা
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয়.................।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ রাত ১১:১১