বাইরে মাতাল ঝড়। নিগৃহীত মন কাঁদছে................ ব্যাকুল...আকুল.......অজস্র......অযুত.....নিযুত! অন্ধকার ঘরে জানলায় বসে আমি, একা। ভীষণ একা। আজীবন দন্ড প্রাপ্ত আসামীর মত জানলার গ্রীলে মাথা রেখে। ঝুপঝুপ বৃষ্টি, অসভ্য অশ্লীল বাতাস। ওড়ায় চুল, নাড়ায় কানফুল, ভেজায় গাল, ভেজায় আমার ভেজা চোখ। তবুও ছাদে যাইনি, ভিজিনি আমি। বিশ্বাস কর ভিজিনি। এই প্রথম কোন বৃষ্টিতে ইচ্ছে করে না ভেজা আমার! কারন.............................
কারন আমি জানি আমার পড়ে থাকা সেল ফোনটাতে কোন মেঠো সুর বাজবেনা, সবুজ রঙের বোতাম চাপলে আমি শুনব না" ভিজনা যেন সোনা, ঠান্ডা লাগবে"। আমাকেও বলতে হবে না "একটু ভিজব, প্লীজ?" ওপাশের কন্ঠ "নাআআআ, ঠান্ডা লাগবে, তুমি না গুড গার্ল?" আমি আবার বলবো "১০মিনিট?" "না" আবার "৫মিনিট?" এবার দরাজ কঠোর "বললাম না! ভিজলে বাসায় ফিরে মার দিব!" তারপর চুপিচুপি ভেজা হবেনা আমার। গভীর রাতে ঠান্ডা লাগা ফোলা ফোলা গালে হাত বুলিয়ে কেউ বলবেনা "ভিজেছ কেন? নিষেধ করেছিলাম না? এখন কে কষ্ট পাচ্ছে? তুমি কি বড় হবেনা কোনদিন?" আমার মনে মনে দুষ্টুমীভরা কথোপকথোন "বড় হলে কি মাঝরাতে এই আদরটুকুন পেতাম আমি?"
আমার উদাসমন বিবশ হয়। আমি চমকাই, বিদ্যুৎ চমকায়। তুমিও কি চমকাও। আমি শুনি "কান্দো কেনে মন পাগলা রে...................." তুমি শোননা আমি জানি। আমি ভিজিনা। উড়াল ঝড় "আয় আয়" করে ডাকলেও আমি কান দেইনা সে ডাকে। বৃষ্টিবন্দী ইচ্ছেঘুড়ি ছুটে যায় আকাশপানে, সুতো কেটে, ধরা হয়না আমার। তুমি কোথায় আছ? কেমন আছ? আনমনে সেলফোনে হাতে নিয়ে পুরোনো নাম্বার কি ডায়াল কর? মনটা কি উতলা হয় এটুকু বলতে "সোনা, ভিজনা যেন"?? তবে বলনা কেন? এটুকুন জীবনে কত আর অভিমানে বুক ভাসাবে? আর যদি মনে না হয় .................।
"আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে?
আমি না হয় ভালবেসেই ভুল করেছি ভুল করেছি
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপূরে নির্জনতা খুন করেছি,কী আসে যায়।
আমি ভিজিন! আমি ভিজিনি কারন" আমার ঠান্ডা লাগবে" বলে নয়। আমি ভিজিনি তুমি ভিজতে মানা করবেনা বলে। আমি ভিজিনি মাঝ রাতে কষ্ট হবে বলে নয়, আমি ভিজিনি কারন সে মধ্যরাতে তোমার স্নেহের স্পর্শ পাবনা বলে। আমি ভিজিনি, আমার আর ভেজা হবেনা কোনদিন। আমি প্রত্যেকটা বৃষ্টি-বেলায় জানলায় বসে বলবো
"তারে গিয়া কওয়া হয়নাই
কতখানি সুখী হইছি আমি"
(কবিতার চরণ গুলো আমার খুব প্রিয়"হেলাল হাফিজের")

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



