তুমি আসবে ভেবে সপ্তাহের বাকী ছ'টা দিন আমার উন্মাতাল কাটে! তুমি আসবে আমি জানি। তোমার আসার অপেক্ষায় আমি ক্যালেন্ডারের পাতায় দিন, ঘন্টা,সেকেন্ডের অঙ্ক কষি! আমি স্বপ্ন বুনি, রঙ মিলিয়ে ঢং করে। লাল স্বপ্নের সাথে সবুজের স্বপ্ন মানায় ভাল! আমি তাই দিয়ে তোমার জন্য আমার ভালবাসার চাদর বুনি। তুমি অল্পতেই বড় বেশি খুশি হও।আর এ কারনেই এত ভালবাসা। বুঝলে বুদ্ধু?!
তুমি বল "এত ভাল একজন মানুষ এক জীবনে বাসে কী করে"! বাহ সে বুঝি খুব কঠিন কাজ হল? তুমি বড় বোকা ছেলে! ছেলেবেলায় তোমার খেলার সাথি ছিল ছাগল ছানা, গরুর বাছুর। তাই বুঝি সঙ্গী সাথিদের বোধ বুদ্ধি তোমাকে পেয়ে বসেছে? কিন্তু মশাই এত ভাল কী করে বাসলাম তার হিসেব তুমি নাইবা করলে, বরং করলেই কোথাও না কোথাও গোল একটা তুমি বাঁধাবেই আমি আকাশ বাতাস সাক্ষী রেখে বলতে পারি!
আমার বুকের ভেতর যে নদীটা খরায় পুড়ে মরে সপ্তাহের ছ'টা দিন, তাই যেন খরস্রোতা ঢেউয়ের তালে দুলে ওঠে তুমি আসবে বলে। আমি ছয় ছয়টা দিন সূচনা নামের বাসটিরব দিকে তাকিয়ে থাকি!কোন একটি জানলায় যদি তোমার মুখের ছবি ভাসে। পেছন থেকে তোমার উচ্চতা দেখে মনে হয় সে বুঝি তুমি! আমার বুকের নদীতে তখন জোয়ার আসে!
তোমার অপেক্ষায় আমার চুলগুলো যত্ন পায়না, শরীরটা তো না-ই! আমি তবুও অপেক্ষা করি, তবুও ভালবাসি, তবুও দিন গুনি।কারন আমি জানি তুমি আসবে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

