মা,
দুদিন হল তোমায় ভীষণ মনে পড়ছে! জানি, যুদ্ধে নেমে পেছন ফিরে তাকানো যায়না। কিন্তু কি করব বল, সৃষ্টিকর্তা ঘাড় ঘুরানোর ক্ষমতা যখন দিয়েছেন মাঝ মধ্যে সে ফিরে চাইবেই! মা গো বাপ পাগল মেয়ের বদনাম আমার সকল সময়ই ছিল, হয়ত আজও আছে। কিন্তু সুযোগ পেলে তোমার পাগলও আমি কম নই মা!
আমি জানি মা তুমি ভালো নেই। আজীবন জীবনের পেছনে ছুটেও সুখের খোঁজ তুমি পাওনি। সত্য মিথ্যে জানিনে মা,তবু মনে হয় কোথায় যেন মস্ত এক ভুল ছিল। সে ভুলের দিশা না তুমি পেলে না বাবা। আমি আজও খুঁজছি। পেলে হয়ত পূর্ণতা প্রাপ্তির পথটা অনেক সহজ হবে!
বাবা-মেয়ের যুদ্ধে সবচেয়ে বড় দেউলিয়া যে তুমি হয়েছ সে খবর আমার চেয়ে বেশি কে জানে বল? যে "এক কথার" মানুষটির ঘর করেছ তারই সম-সূত্রের লোহিত কনিকা আমার প্রতিটি শিরা-উপশিরায়। আমিও তাই এক রকম বাধ্য হয়েই "এক কথার" মানুষ! যা করব বলেছি, সে আমি করে দেখাবই। আর ক'টা দিন অপেক্ষা করে থেক মা, স্রেফ আর ক'টা দিন!
বাবাও ভাল নেই আমি জানি মা। লৌহ কঠিন ঐ মানুষটিই আমার সব আদর্শের বড় আদর্শ। তাঁর কোন দোষ আমি দেইনে মা। এতটুকু দৃঢ়তা ছাড়া মানুষ আর মানুষ থাকেনা। দোয়া কর মা।আমিও যেন আজকের মতই এমন কঠিন থাকতে পারি আজীবন। অন্তঃত মানুষ বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব অনেক সহজে।
মা, কালকের তারিখটা মনে আছে তোমার? ১৯ ডিসেম্বর! সেই দিন যেদিন একটা দানব আমার জীবনটা তছনছ করে দিয়েছিল। এত দিন কেটে গেল। আমি আজও জীবনের ভাঙা টুকরো গুলো খুঁজে বেড়াচ্ছি। এক টুকরো এক টুকরো করে জোড়া লাগিয়ে চলেছি নিরন্তর....
আমি জানি মা তুমি আজও দু'হাত তুলে ঐ দানবটার জন্য দোয়া কর যেন সে দানব থেকে মানুষ হয়ে ওঠে। কিন্তু মা তুমি বিশ্বাস কর, ও কোন দিন মানুষ হবেনা। আজীবন তাড়িয়ে বেড়াব ওকে আমি। ভাল থাকবার দিন ওর শেষ। আমার সমস্ত ক্ষতিপূরণের দায় এখন ওর! তুমি আর দোয়া কোরনা মা!
মা গো, তোমায় খুব দেখতে ইচ্ছে করছে। তোমার চির-শান্ত, অসীম ধৈর্যের সে মুখটা আমি বহুদিন হল পেছনে ফেলে এসেছি। তুমি প্রায়ই বলতে "যেদিন মা হবি বুঝবি"। মা গো, বুঝবার জন্যেই তো এত যুদ্ধ! তুমি যেন একদম কেঁদনা মা। আমি ভাল আছি, ভীষণ ভাল..................
তোমার ল*

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

