প্রবৃদ্ধকোণ থেকে
-------------------------------
তারা কাজ শেষ করে পানশালার হর্ষে কাঁধ থেকে হারিয়ে ফেলে সকল ক্লান্তি
অনুভূতি ফিরে আসে বহুনারীর অপরূপ উরু ব্যবহারে
এই অনুভূতির রঙ আগুন; অন্ধজনেও সেই আগুনকে ঘিরে নাচে
জাহাজীরা আগুনে গাঁথে নোঙ্গর
উত্তরের পর্যটকের করতল থেকে গলে যায় তুষার
আগুন থেকে উড়ে যাওয়া বিহঙ্গের পালক ছিঁড়ে আদিম হয় সবাই
কামমন্ত্রে বশীভূত অনুভূতিরা ডুবে যায় গণিকার দেহজঘামের পুকুরে
আমার কাজ শেষ হয়না আর
অ-নে-ক বাতাস টেনে নিয়ে পাঁজর কাঁপিয়ে বেরিয়ে আসে
অনুভূতিশূন্য সকাল-দুপুর-রাত
রোজ রাতে একটা লাশ ঘরে ফিরলে আকাশ কারো চোখ চুরি করে বৃষ্টি নামায়। জানি, দেয়ালমুখী নাকফুলেরও ক্ষুধা আছে
এই ক্ষুধার রঙ আগুন
অথচ লাশটা শ্মশানেও পুড়ছেনা
--------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



