যদিও কবিতা হলো নিতান্তই এক ছোটো শব্দযন্ত্র- সামান্য এক ছোটো শব্দযন্ত্র, যে টিকটিক করে বেজে চলেছে যাবতীয় মহাযন্ত্র মহাভার আর মহাতড়িতপ্রবাহের জগতে;
যদিও অন্য কোনো জগতের চেয়ে কবিতার জগতে বেশি ভালোভাবে কেউ বাঁচে না; যদিও কবিতার জগত রুক্ষ ও বিষাদময়, আধ্যাত্মিক ইতিহাসের ঊষর নিরানন্দে যার সৃষ্টি ও বিলয়;
যদিও শিল্প কোনো সমস্যার সমাধান দেয় না, বরং জামার মতো গায়ে দিয়ে-দিয়ে তাকে জীর্ণ করে ফেলে;
তবু কবিতাই একমাত্র তরোয়াল ও ঢাল;
কারণ কবিতা আসলে স্বৈরাচারী, স্বতশ্চল শকট, উন্মত্ততা, কর্কটরোগ বা মৃত্যুতোরণের প্রতিপক্ষ নয়- বরং কবিতার লড়াই তারই সঙ্গে যা-সবসময়েই ছিলো- ভিতরে-বাহিরে সবসময়, সামনে-পিছনে সবসময়, মাঝখানটিতে সবসময়- সবসময় যা আছে আমাদের সঙ্গে আর আমাদের বিরুদ্ধে!
কবিতা শূন্যতার বিরোধী। শূন্যতার মধ্যে কবিতাই অস্তিত্ব। তার যুদ্ধ সহজাত ও হাতফেরতা শূন্যতার বিরুদ্ধে- প্রাথমিক আর মাধ্যমিক শূন্যতার বিরুদ্ধে।
(সংগ্রহ)
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


