শোনো-
পাহাড়টা, আগেই বলেছি, ভালোবেসেছিলো মেঘকে
আর মেঘ, কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে
বানিয়ে তুলেছিলো ছাব্বিশ বছরের ছোকরা!
সে তো আগেই শুনেছো!
সেদিন ছিলো পাহাড়টার জন্মদিন
পাহাড় মেঘকে বললে, "আজ তুমি লাল শাড়ি পরে আসবে।"
মেঘ পাহাড়কে বললে, "আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে।"
ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী
পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই,
সেইভাবে মেঘ ছিলো পাহাড়ের আলিঙ্গনের আগুনে
পাহাড় ছিলো মেঘের ঢেউজলে।
হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের ঝপঝম্প
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে
ছুটে এলো এক ঝাঁক হাওয়া;
মেঘের আঁচলে টান মেরে বললে, "ওঠ্ ছুড়ী তোর বিয়ে!"
এখনো শেষ হয়নি গল্পটা।
বজ্রের সঙ্গে মেয়ের বিয়েটা হয়ে গেলো ঠিকই
কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারলো না।
বিশ্বাস না হয় তো চিরে দেখতো পারো,
পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থৈ থৈ করছে
শত ঝরণার জল।।
____________________________
লিংক- সেই গল্পটা
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


