- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

দেশদ্রোহী হতে ইচ্ছে করে

১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৫

শেয়ারঃ
0 0 0

নিজের ব্যাপারে বলা যায়, ভালোবাসি ভালোবাসি
ব'লে আমি ফাটাই নি গলা,
দিই নি শ্লোগান পৌরপথে কোনোদিন। পেশাদার
প্রেমিকের মতো টেরি কেটে, পারফিউম ছড়িয়ে
গায়ে লটপট
করিনি তোমার সঙ্গে। অথচ যখন বৃষ্টি নামে
দিগন্ত ডুবিয়ে আর রৌদ্রের আবীর
ঝরে শরতের ক্ষেতে, শিমুল রাঙিয়ে
দেয় গ্রাম্য পথ, বালকেরা দৌড়ে যায়
শর্ষে ক্ষেতে আনন্দের ঢেউ তুলে, তখন তোমাকে
হৃদয়ের সকল উষ্ণতা
অধীর অর্পণ করি, তোমারই উদ্দেশে নিত্য ফোটাই গোলাপ।

যেদিন তোমার বস্ত্রহরণের পালা
শুরু হলো, তোমার চুলের মুঠি ধ'রে পৈশাচিক
উল্লাসে উঠলো মেতে মদমত্ত বর্বরেরা, সেদিন যাদের
চোখ ক্রোধে রক্তজবা হয়ে উঠলো লহমায়,
তোমার গ্লানির কালি মুছে দিতে যারা
হলো শস্ত্রপাণি, আমি তাদের করেছি সমর্থন
সমস্ত অস্তিত্ব দিয়ে। তোমার কান্নার পথে দেখি
বৃষ্টিধোয়া রক্তগোলাপের মতো ফুটে আছো তুমি।

তোমার গোলাপে যারা ছড়িয়েছে কীট
সকল ঋতুতে আর দিনরাত্রি উপহাসে তোমাকে বিঁধেছে
শজারুর কাঁটায় কাঁটায়,
তোমার দুর্দিনে যারা শত্রুদের হাতে হাত রেখে
খেলেছে করোটি নিয়ে ভূতুড়ে জ্যোৎস্নায়,
এবং তোমাকে চড়িয়েছে
সোৎসাহে নীলামে,
যেমন অতীতে লোভাতুর বণিকেরা লুণ্ঠিতা রূপসীদের
ক্রীতদাসীদের মতো বেচাকেনা করতো বাজারে
দিনারের বিনিময়ে, তারাই এখন
সর্বদা তোমার সঙ্গে লতকা লতকি করে আর
তোমার সাধের লাল গোলাপের জন্যে যারা হুইল চেয়ারে
পোহায় যৌবন, দ্যাখে অস্তরাগ, তাদের দিয়েছে ঠেলে ব্যাপক ভাগাড়ে,
সর্বদাই প্রস্তুত তাদের জন্যে শত কাঠগড়া।

বিবরে লুকিয়েছিলো যারা গির্জের ইঁদুর হয়ে
ইদানীং তারা বনবেড়ালের রূপে
তুমুল ঝাঁপিয়ে পড়ে শান্তির চাতালে,
যখন তখন
বসায় নখর দাঁত জায়মান সৌন্দর্যের গোরাপী গ্রীবায়।
এখন লুকোতে চাই আমি
আরো অনেকের মতো মেঘের আড়ালে,
মেগনার তলদেশে, শস্যের ভেতরে রাত্রি-দিন।

এই উল্টোরথ দেখে, শপথ তোমার
প্রেমের, আমার আজ বড় বেশি দেশদ্রোহী হতে ইচ্ছে করে।

শামসুর রাহমান

 

প্রকাশ করা হয়েছে: দিন কাটে কালের প্রবাহেভাঙা বারান্দা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৪০
কালোবিড়াল বলেছেন: ভাই, এত সুন্দর কবিতা এত কুইক লেখেন কিভাবে? জিনিয়াস্‌ মিয়া আপনে।
১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: কবিতাটা শামসুর রাহমানের।।

৪. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৪
আশেক ইব্রাহীম বলেছেন: চমৎকার কবিতা। শেয়ার করার জন্য ধন্যবাদ।
৫. ১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
মৃন্ময় আহমেদ বলেছেন: নিছক ধন্যবাদ বা প্রশংসা কুড়ানোর জন্য এ কবিতা দেয়নি, এরূপ দ্রোহের মন্ত্রের ভালোবাসায় জেগে ওঠতে হবে।।
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।।

ভালোলাগা পৌঁছে যাক কবির কাছে।।

 

মোট সময় লেগেছে ০.৯৭৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
।। মা ও মাটি ।।


—­­ অবাক ভ্রমণ —­­
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ