পূর্বের পর ...
বায়তুল মাকদিস (ফিলিস্তীন) বিজয়
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, কিয়ামতের পূর্বে ছয়টি বস্তু গণনা করো। তার মধ্যে বায়তুল মাকদিস বিজয় অন্যতম। {বুখারী, অধ্যায়ঃ কিতাবুল জিযইয়্যাহ}
উমার ইবনুল খাত্তাব (রা.) এর শাসনামলে হিজরী ১৬ সালে বায়তুল মাকদিছ বিজয়ের মাধ্যমে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হয়েছে।
ধন-সম্পদ বৃদ্ধি পাবে
কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন-সম্পদ বৃদ্ধি পাবে। ফকীর-মিসকীন খুঁজে পাওয়া যাবেনা। সাদকা ও যাকাতের টাকা নিয়ে খুঁজা-খুঁজি করেও নেয়ার মত কোন লোক পাওয়া যাবেনা। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
"ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবেনা যতক্ষণ না মানুষের ধন-সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ যাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। যাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোন প্রয়োজন নেই"। {মুসলিম, অধ্যায়ঃ কিতাবুয্ যাকাত।}
কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে। উমার ইবনে আব্দুল আযীযের শাসন আমলে তা প্রকাশিত হয়েছিল।
ইয়াকূব ইবনে সুফিয়ান বলেন, "উমার ইবনে আব্দুল আযীযের শাসন আমলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমণ করতো। তারা আমাদেরকে বলত, তোমরা যেখানে প্রয়োজন মনে কর সেখানে এ সম্পদগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মত লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজী হতনা। পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হত। মোট কথা তাঁর শাসন আমলে যাকাত নেয়ার মত লোক ছিলনা"। {ফাতহুল বারী, (১৩/৮৩)} কিয়ামতের এই আলামতটি ইমাম মাহদীর আমলে পুনরায় প্রকাশিত হবে।
ইন্শাআল্লাহ চলবে ...
কৃতজ্ঞতাঃ জুবাইল দা'ওয়া এন্ড গাইডেন্স সেন্টার, কেএসএ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

