যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সেইভ বাংলাদেশের ব্যানারে জামায়াত-শিবিরপন্থী প্রবাসীরা সোমবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে। এ সময় তারা বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপিও দেয়। রাজনৈতিক হয়রানি বন্ধ ও অবিলম্বে গ্রেফতারকৃত বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করে তারা। মঙ্গলবার দুপুরে ই-বার্তায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। স্মারকলিপি দেয়ার আগে বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ঐক্যজোট যুক্তরাজ্য শাখার আমির শোয়াইব আহমেদের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি পরিচালনা করেন সেইভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশ যুক্তরাজ্য শাখার আমির আবদুল কাদের সালেহ, মহানগর সভাপতি আব্দুল করিম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের উপদেষ্টা মুফতি মাওলানা সদরুদ্দিন, বাংলাদেশ ইসলামি টিচার্স এসোসিয়েশনের সভাপতি মাওলানা সাদিকুর রহমান, দাওয়াতুল ইসলাম যুক্তরাজ্য শাখার নেতা বেলায়েত হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুক্তরাজ্য প্রতিনিধি ব্যরিস্টার আবু বক্কর সিদ্দিক মোল্লা, বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মুহিদুর রহমান, সাবু নেওয়াজ, কমিউনিটি নেতা আব্দুল মুনিম চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে মাওলানা শোয়েব আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম ও ব্যারিস্টার আবু বকর মোল্লার সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে সকল বিচার বহির্ভুত হত্যাকাণ্ড বন্ধ ও বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ করে নাগরিকদের মানবাধিকার নিশ্চিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যাসহ সকল ছাত্র হত্যার ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, সকল নাগরিকের গণতান্ত্রিক অধিকার সমন্বিত রাখা, আইন বহির্ভুভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকা ও রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে গ্রেফতারকৃত সব বিরোধীদলীয় নেতা-কর্মীদের মুক্তি দেয়ার দাবি জানানো হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৭