গাড়ি চলছিলো। গাড়ি চলছিলো। গাড়ি চলছিলো। মাটির রাস্তা। রাস্তায় ধূলি। বাতাসে রোদ আর রোদ। খণ্ড খণ্ড রোদে গড়িয়ে গেলো অনতিদূরের রাস্তায় মায়ানদী, আমরা ফুরফুরে বাতাসে জড়োসড়ো চুপিচাপ। আমি মা আর বাবা। দুইবলদে টানা গাড়িকে আমরা গরুর গাড়ি বলি।
গাড়ি চলছিলো। গাড়ি চলছিলো। একটি স্মৃতির পাখায় রেশমি-ফ্রক। আমার না-গজানো বুকে কিশলয় গান। আমার বালিকা আঙুলে অঙ্গুরীয়। অঙ্গুরীয় মানে আংটি। কে দিয়েছিলো?
এটা অভিজ্ঞান হবে না জানি, হতেও পারে। শকুন্তপাখির খোঁজে যদি মৃগয়ায় অন্য কোনো দুষ্মন্ত আসে একেলা-- তবে আমি হতেও পারি শকুন্তলা।
আমার শৈশব কেবল নারিকেল পাতার ঘড়ি আর চশমা নয়, শৈশবে একটি ঝড় এসে বললো ঝড়ের গোপন। আমি আঙুলের কড়া গুনে গুনে মনে মনে দেয়াল ভেঙে ভেঙে একটা অরণ্যের সন্ধান করলাম। বনজ্যোৎস্নার ঝোপ ভেঙে অরণ্য দেখালো আরাত্রি কণ্টকবনাঞ্চল।
গাড়ি চলছিলো। আমার চুল বড় হলো। আমার নখ বড় হলো। আমার দাঁত শক্ত হলো। আমার চুলকে বাড়তে দিলাম। শক্তদাঁতে নখ কেটে কেটে পথে পথে ছড়িয়ে দিলাম। আমার ফ্রক ছিঁড়ে গেলো। নতুন গজানো বুকে যখন টনটন করে উঠলো সন্ধ্যা এবং রাত্রির চিরন্তন বেদনা-- মা আমার দিকে তাকালো। তার পরনের শাড়ি আমাকে পরিয়ে দিয়ে হারিয়ে গেলো। হারিয়ে গেলো কোথাও।
বাবা তখনো পাশে বসে ছিলো। বাবার ঠোঁটে পুড়ছিলো পুরনো তামাক। বাবার চোখে তখনো জোনাকবাগান। আর আকাশে কয়েকটি তারা কেবল বাতাসে কাঁপছিলো থর থর।
গাড়ি চলছিলো। গাড়োয়ান কৃষ্ণবর্ণ। দেহাতি হাতে তার খড়ের চাবুক। বাবা গাড়ির দুপাশে ঝাপি ফেলে হারিয়ে গেলো রাতের হাত ধরে। আমি কি তখনো ঘুমপাড়ানিয়া গান, আমি কি তখনো না-দেখা ইশ্কুলঘরে ঝুমবৃষ্টিতে ভিজে যাওয়া অংকখাতা?
মা! তুমি কই? আমার পরনে তোমার তেরোহাত উত্তরাধিকার।
বাবা! তুমিও হারালে! আমার চারপাশে তোমার চারদেয়াল উত্তরাধিকার।
এই গাড়ি ধূলি ধূলি পথ ভেঙে যেই গাঁয়ে যাবে-- সেই গাঁয়ে বুঝি রূপার খাঁচায় পোষা হয় কাক আর কাকলি।
প্রচণ্ড শব্দে ভোর ভেঙে গেলো। ভেঙে গেলো দুইহাতে পরা দুইডজন চুড়ি। একহাতে নীল। আর হাতে লাল। শব্দের উৎস সন্ধানে তাকাই পাশ ফিরে। এই শব্দ ওঙ্কার হতেও পারে। শব্দের উৎস সন্ধান করতে গিয়ে গোলকধাঁধার মতো পাকখাওয়া মাইল মাইল যন্ত্রণা টের পাই আমার শরীরের কোথাও।
নীলচুড়ি ভেঙে গুড়ো হয়ে ঢুকে গেলো আমার চোখে। আমি তখন নীলনয়ন। লালচুড়ি তরল হয়ে শুয়ে আছে বিছানার শাদা চাদরে।
সেই লাল আমাকে জানালো শব্দ এবং যন্ত্রণার উৎস।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



