একদিন শৃঙ্খল ছেঁড়ার আহবানে
অনবদ্য কবিতা লিখেছিলাম
হৃদয়বেগে অগ্নি স্ফুলিঙ্গ ধরানো
ঝাঁঝালো কবিতা।
শোণিত দুর্বার গতি আনা এক
অদ্বিতীয় কবিতা।
মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলে তুমি
শুনেছিলে আর জেগে উঠেছিলে
অমানিশার অন্ধকার থেকে স্লোগানের
কোলাহলে।
শুনেছিলে আর ছুটে এসেছিলে
রক্তরঙ্গিন সঙ্গিন উঁচিয়ে প্রতিবাদের
ময়দানে।
বলেছিলে চেঁচিয়ে,”আমি উন্মাদ”
আমি উন্মাদ হয়ে গেছি আজ
শান্ত কর আমাকে একটি প্রেমের
কবিতা লিখে।
বলেছিলাম,”যতদিনে না তোমার
বুকের তাজা রক্তের ধারাই সকল
শৃঙ্খল ছিঁড়ে যাবে,ততদিনে না
কোন প্রেমের কবিতা লেখা হবে।”
একটি প্রেমের কবিতার জন্য
রক্ত ঢেলেছিলে,ছিঁড়েছিলে পরাধীনতার
লৌহ শিকল।
অতঃপর,অতঃপর .....................
আর ফিরে আস নি
সেই যে গেলে
আর ফিরে আসনি।
ওরে সাহসী বীরঙ্গনা,প্রেমিক বীরঙ্গনা
এসে দেখ-
শত শত প্রেমের কবিতা লিখেছি তোমার জন্য
প্রেমের কবিতা,এক স্বাধীন দেশের কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




